অধীর চৌধুরীর সাংবাদিক বৈঠক | ERO-AERO দিয়ে ভোট কারচুপি? | যুবসাথী, I-PAC, রথযাত্রা, বিস্ফোরণ

অধীর চৌধুরীর সাংবাদিক বৈঠক | ERO-AERO দিয়ে ভোট কারচুপি? | যুবসাথী, I-PAC, রথযাত্রা, বিস্ফোরণ

Reported By:- Binoy Roy

রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল কংগ্রেস নেতা অধীর চৌধুরী–র সাংবাদিক বৈঠকের পর। একের পর এক বিস্ফোরক অভিযোগে তিনি সরাসরি আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের বিরুদ্ধে।

অধীর চৌধুরীর অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ERO ও AERO–দের ব্যবহার করে পরিকল্পিতভাবে ভোট কারচুপি করছেন। তাঁর দাবি, নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করতেই প্রশাসনিক স্তরে এই কারসাজি চলছে।

এদিন I-PAC সংক্রান্ত মামলার শুনানি এক মাস পিছিয়ে যাওয়ার প্রসঙ্গেও কড়া ভাষায় ইডিকে আক্রমণ করেন অধীর। তাঁর বক্তব্য, হলফনামার জবাব দিতে না পারায় মামলার শুনানি পিছিয়েছে এবং এর মাধ্যমে ইডির ভূমিকা আরও একবার প্রশ্নের মুখে পড়েছে।

এছাড়াও ভাঙড়ে রাস্তা মেরামতির কাজ চলাকালীন কেমিক্যাল ড্রামে বিস্ফোরণের ঘটনায় চার শিশু আহত হওয়ায় রাজ্যের নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিস্ফোরণের জেরে পাশের দোকানে আগুন লাগার ঘটনাও সামনে এসেছে।

জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের মন্তব্য—তৃণমূলকে ভোট না দিলে আবাস যোজনার টাকা মিলবে না—এই বক্তব্য ঘিরে শুরু হওয়া বিতর্ক নিয়েও সরব হন অধীর চৌধুরী। তাঁর অভিযোগ, সরকারি প্রকল্পকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে শাসকদল।

সাংবাদিক বৈঠকে বিজেপির আসন্ন কর্মসূচির কথাও উঠে আসে। ১ মার্চ থেকে শুরু হচ্ছে বিজেপির ‘পরিবর্তন রথযাত্রা’, যা চলবে ১০ মার্চ পর্যন্ত। উদ্বোধনে উপস্থিত থাকবেন অমিত শাহ এবং রথযাত্রা শেষে মার্চ মাসেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করবেন নরেন্দ্র মোদী

যুবসাথী প্রকল্প প্রসঙ্গে অধীর জানান, সবচেয়ে বেশি ফর্ম জমা পড়ছে মুর্শিদাবাদে। একই সঙ্গে প্রশ্ন তোলেন—ব্লকে ব্লকে কর্মতীর্থ বন্ধ হয়ে যাওয়ার পর যুবসাথী কি তার বিকল্প হয়ে উঠছে?

বিহার নির্বাচন প্রসঙ্গে নীতীশ কুমার–এর নেতৃত্বাধীন বিজেপি-জেডিইউ জোটের জয় নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা প্রশ্নও তোলেন অধীর। ভোটের আগে যুবসাথী ও লক্ষীর ভান্ডারের বরাদ্দ বৃদ্ধি কি তাহলে ভোট জেতার কৌশল—এই প্রশ্নে সরব হন তিনি।

সব মিলিয়ে অধীর চৌধুরীর এই সাংবাদিক বৈঠক রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Translate »
error: Content is protected !!