গাছ কাটার প্রতিবাদে সিপিআইএমের বিক্ষোভ | বিধান শিশু উদ্যান রক্ষার দাবিতে মিছিল

গাছ কাটার প্রতিবাদে সিপিআইএমের বিক্ষোভ | বিধান শিশু উদ্যান রক্ষার দাবিতে মিছিল

Reported By:- Manoj Das

পরিবেশের ভারসাম্য আজ ক্রমশ বিপন্ন। একের পর এক জায়গায় গাছ কেটে ফেলা, পুকুর ভরাটের মতো কর্মকাণ্ডের ফলে কমে যাচ্ছে স্বাভাবিক বৃষ্টিপাত, অন্যদিকে বেড়েই চলেছে গরম ও উষ্ণায়ন। এই পরিস্থিতিতে গাছ রক্ষা, পার্ক সংরক্ষণ এবং শিশুদের মানসিক বিকাশের স্বার্থে উদ্যান বাঁচানোর দাবিতে বরানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করল সিপিআইএম

গত ১৪ই ফেব্রুয়ারি বরানগর পৌরসভা পরিচালিত বিধান শিশু উদ্যান, দেশবন্ধু রোডে বহুদিনের পুরনো বড় বড় গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে সিপিআইএম বরানগর ১ ও ২ নম্বর এরিয়া কমিটির উদ্যোগে কেন্দ্রীয়ভাবে বিধান শিশু উদ্যানের সামনে বিক্ষোভ ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে সেখান থেকে মিছিল করে বরানগর পৌরসভার গেটে এসে বিক্ষোভ দেখানো হয়। এরপর পৌরসভার ভিতর দিয়ে মিছিল দেশবন্ধু রোড, মতিলাল মল্লিক লেন, নিয়োগী পাড়া রোড হয়ে গোপাল লাল ঠাকুর রোডে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানেও একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

এই বিক্ষোভ ও মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য সানু রায়, ডাঃ দীপ্তজিৎ দাস, কিশোর গাঙ্গুলী, অশোক ভট্টাচার্য, বরানগর এরিয়া কমিটির সম্পাদক সুব্রত বিদ-সহ দলের সদস্য, কর্মী, ছাত্র, যুব ও মহিলা সংগঠনের কর্মীরা।

সিপিআইএমের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বিচারে গাছ কাটার ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। তাই পার্ক ও গাছ রক্ষার দাবিতে দল লাগাতার আন্দোলন চালিয়ে যাবে এবং প্রয়োজনে আইনি পথেও যাওয়া হবে।

Leave a Reply

Translate »
error: Content is protected !!