বরানগরে চাঞ্চল্যকর অভিযোগ, রাজনীতির তরজা তুঙ্গে

বরানগরে চাঞ্চল্যকর অভিযোগ, রাজনীতির তরজা তুঙ্গে

Reported By:- Manoj Das

বরানগরের গোপাল লাল ঠাকুর রোড এলাকায় এক ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর ও প্রাণে মারার হুমকির অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের তির শাসকদল All India Trinamool Congress-এর নেতা ও প্রোমোটার শংকর রাউতের দিকে। ইতিমধ্যেই এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

অভিযোগকারী ব্যবসায়ী সুদিপ্ত ঘোষের দাবি, তাঁর কাছ থেকে চাঁদা হিসেবে এক লক্ষ টাকা দাবি করা হয়। সেই টাকা দিতে অস্বীকার করায় গতকাল গভীর রাতে তৃণমূল নেতার ঘনিষ্ঠরা তাঁকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যায় এবং একটি শালিসি সভায় হাজির করে মারধর করা হয়। পাশাপাশি তাঁকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।

এই ঘটনার পর বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

এদিকে, বরানগরের বিধায়িকার দাবি—এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। তাঁর বক্তব্য, এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিবাদ এবং বিজেপি নেতা সজল ঘোষ ইচ্ছাকৃতভাবে ঘটনাটিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছেন।

অন্যদিকে, বিজেপি নেতা সজল ঘোষ পাল্টা কটাক্ষ করে বলেন, “শাসকদলের নেতারা সাধারণ মানুষকে আতঙ্কে রাখতে চাইছেন। চাঁদা না দিলেই জুলুম—এটাই এখন বরানগরের বাস্তব চিত্র।”

ঘটনাকে ঘিরে শাসক ও বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে চাপানউতোর ক্রমেই বাড়ছে। সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Reply

Translate »
error: Content is protected !!