Reported By:- Binoy Roy
সাংবাদিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে সরব হলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বর্ষীয়ান রাজনীতিবিদ মুকুল রায়-এর প্রয়াণে শোকপ্রকাশ করার পাশাপাশি রাজ্যের বর্তমান রাজনৈতিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
সুপ্রিম কোর্টের নির্দেশে আজ থেকে শুরু হয়েছে SIR-এর চূড়ান্ত যাচাই পর্ব। এই প্রক্রিয়ায় জুডিশিয়াল অফিসারদের সরাসরি অংশগ্রহণ এবং হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে বৈঠকে মুখ্যসচিব, DGP, বিনীত গোয়েল-সহ প্রশাসনিক শীর্ষ কর্তাদের উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। SIR প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে কত নাম বাদ যেতে পারে, তা নিয়েও রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।
এদিকে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশে খোলা চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর চিঠিতে ‘এবার বিজেপি সরকার’ বার্তা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
উত্তর ২৪ পরগনার মিনাখাঁ-এ তৃণমূল ও ISF-এর সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। রাস্তায় প্রকাশ্যে চলে মারধর, রক্তাক্ত হন একাধিক ব্যক্তি।
অন্যদিকে, কালিগঞ্জ-এর মোলান্দি-সহ একাধিক এলাকা থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে শক্তিশালী সকেট বোমা। উপ-নির্বাচনের আগে এই ঘটনায় চরম আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।
বাংলায় মহিলা ভোটকে পাখির চোখ করে রাষ্ট্রবাদী মহিলাদের একজোট হওয়ার ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী।
এছাড়াও, বাংলার সীমান্ত দিয়ে পাক গুপ্তচর অনুপ্রবেশের অভিযোগ তুলে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তীব্র সমালোচনা করেন অধীর চৌধুরী।