ভোটের আগে মুর্শিদাবাদে তৃণমূলে ভাঙন | কংগ্রেসে যোগ দিলেন আবু সুফিয়ান সরকার

ভোটের আগে মুর্শিদাবাদে তৃণমূলে ভাঙন | কংগ্রেসে যোগ দিলেন আবু সুফিয়ান সরকার

Reported By:- Binoy Roy

ভোটের আগে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন। ভগবানগোলার প্রাক্তন বিধায়ক আবু সুফিয়ান সরকার তৃণমূল কংগ্রেস ছেড়ে আবার নিজের পুরনো দল কংগ্রেসে যোগ দিলেন। বুধবার বহরমপুরে জেলা কংগ্রেস ভবনে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী

উল্লেখযোগ্যভাবে, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত কংগ্রেসের প্রতীকে ভগবানগোলার বিধায়ক ছিলেন আবু সুফিয়ান সরকার। দীর্ঘ রাজনৈতিক জীবনের এক পর্যায়ে ২০১১ সালে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস-এ যোগ দেন। প্রায় ১৫ বছর পর ফের তিনি নিজের পুরনো দলে প্রত্যাবর্তন করলেন। এই যোগদানে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ভারতীয় জাতীয় কংগ্রেস-এর জেলা ও রাজ্য নেতৃত্ব।

এই যোগদানকে ঘিরে অধীর চৌধুরী বলেন, “আজ মুর্শিদাবাদ জেলায় উল্টো স্রোত বইছে। যারা এক সময় কংগ্রেস ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন, আজ তাঁদের মোহভঙ্গ হচ্ছে। ভোটের আগেই তার প্রতিফলন দেখা যাচ্ছে।”
অন্যদিকে, যোগদানের পর আবু সুফিয়ান সরকারের অভিযোগ, তৃণমূল দলে থাকাকালীন তিনি অন্যায় ও দুর্নীতির প্রতিবাদ করায় দলের কোনও কর্মসূচিতে তাঁকে অংশ নিতে দেওয়া হচ্ছিল না। মানুষের স্বার্থে কথা বলার জায়গা না থাকায় দল ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। আগামী দিনে ভগবানগোলার মানুষের জন্য কাজ করার অঙ্গীকারও করেন এই প্রাক্তন বিধায়ক।

যদিও তৃণমূল কংগ্রেস এই যোগদানকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকারের দাবি, আসন্ন বিধানসভা ভোটে টিকিট পাওয়ার লক্ষ্যেই এই দলবদল। ভোটের আগে এই রাজনৈতিক রদবদল মুর্শিদাবাদের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Leave a Reply

Translate »
error: Content is protected !!