Reported By Manoj Das
বেলঘরিয়া–কামারহাটি:
বেলঘরিয়া–কামারহাটি এলাকার ১৩৩ নম্বর ওয়ার্ডের ঐতিহাসিক মোহিনী মিলের জমি দখলকে কেন্দ্র করে তীব্র বিতর্কে জড়ালেন কামারহাটির সিপিআই(এম)-এর প্রাক্তন বিধায়ক মানস মুখার্জি। তাঁর অভিযোগ, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলার টাকার বিনিময়ে ওই জমিতে বেআইনিভাবে দোকান বসানোর অনুমতি দিচ্ছেন।
এ প্রসঙ্গে মানস মুখার্জি জানান, তিনি এই বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি প্রেরণ করেছেন। চিঠিতে মোহিনী মিলের জমি যথাযথভাবে রক্ষণাবেক্ষণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি, ওই ঐতিহাসিক জমিতে কোনও শিল্প স্থাপন করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করার প্রস্তাবও রাখা হয়েছে।
ঘটনাস্থল থেকে তিনজন রাজমিস্ত্রিকে আটক করা হলেও, অভিযোগের মূল অভিযুক্তকে আটক করা হয়নি বলে দাবি করেন মানস মুখার্জি। এই বিষয়টি নিয়েও তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে মোহিনী মিলের জমি সংক্রান্ত এই বিতর্কে কামারহাটির বর্তমান বিধায়ক মদন মিত্রের নীরবতা নিয়েও কটাক্ষ করেন প্রাক্তন বিধায়ক। মানস মুখার্জির দাবি, মদন মিত্র এ বিষয়ে একটি কথাও বলেননি, যা তাঁর মতে “শীতঘুমের সামিল”।
শুধু মোহিনী মিল নয়, বাম্বুবিলা উদ্বাস্তু কলোনি সংক্রান্ত বিষয় নিয়েও সরব হন মানস মুখার্জি। এই ইস্যুতেও তিনি বিধায়ক মদন মিত্রকে তীব্র ভাষায় আক্রমণ করেন।
এখন প্রশ্ন উঠছে, অবাধ খালি জমি রক্ষার লড়াইয়ে প্রাক্তন বিধায়ক মানস মুখার্জি কতটা সফল হতে পারবেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই জমি রক্ষা আন্দোলনই কি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মানস মুখার্জির অন্যতম রাজনৈতিক অস্ত্র হয়ে উঠবে—তা সময়ই বলবে।