Reported By Mahatab Chowdhury
কলকাতা:
সম্প্রতি ৪৯তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা প্রাঙ্গণে ১৫৩ নম্বর স্টলে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল লবণ হ্রদ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ও লেখক সজল কান্তি মন্ডল-এর তৃতীয় গ্রন্থ ‘স্বর্ণ কিশোর’। বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূরদর্শনের স্বর্ণযুগের ভারতীয় সংবাদের জনপ্রিয় মুখ সতীনাথ মুখোপাধ্যায় এবং বিশিষ্ট সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত।
সন্ধ্যা প্রকাশন থেকে প্রকাশিত এই গ্রন্থটি আগামী দিনে আরও বেশ কয়েকটি খণ্ডে প্রকাশিত হবে বলে জানা গেছে। প্রকাশক শংকর দত্ত জানান, সন্ধ্যা প্রকাশন সারা বছর বিভিন্ন ধারার বই প্রকাশ করে থাকে এবং ‘স্বর্ণ কিশোর’ গ্রন্থটি তারা রাজ্যের বিভিন্ন স্কুল ও গ্রন্থাগারে পৌঁছে দিতে বদ্ধপরিকর।
উপস্থিত অতিথি ও প্রকাশক সংস্থার পক্ষ থেকে আশাপ্রকাশ করা হয় যে, বর্তমান যুগের ছাত্রছাত্রী ও কিশোর-কিশোরীদের মানসিক ও নৈতিক বিকাশে এই বই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
লেখক সজল কান্তি মন্ডল জানান, ‘স্বর্ণ কিশোর’ গ্রন্থের মাধ্যমে তিনি ছাত্রছাত্রীদের কাছে মুনি-ঋষিদের জীবন ও দর্শনকে কেবল পাঠ্যবই বা রচনার সীমার মধ্যে না রেখে সহজ, সরল ও বোধগম্য ভাষায় নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরতে চেয়েছেন। তাঁর মতে, এই বই কিশোরদের চিন্তাশক্তি, মূল্যবোধ ও জীবনদর্শন গঠনে সহায়ক হবে।
বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ লেখকের এই উদ্যোগের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, ‘স্বর্ণ কিশোর’ বর্তমান প্রজন্মের পাঠকদের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য হবে।