নিজস্ব সংবাদদাতা, কলকাতা


হুগলি, ১১ জুলাই: মুক্তির অপেক্ষায় ডাঃ সাধন পাইকের ত্রয়োদশ স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘ময়না’। সামাজিক প্রেক্ষাপটে নির্মিত এই ২০ মিনিটের ছবিটি মুক্তির আগেই প্রিমিয়ার শো-তে উপস্থিত বিশিষ্টজনদের প্রশংসা কুড়িয়েছে।
প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ময়না’ ছবির কাহিনি আবর্তিত হয়েছে এক বিদ্যালয়পড়ুয়া কিশোরীর স্বপ্নভঙ্গ, যৌনপল্লীতে আশ্রয় নেওয়া এবং পরবর্তীকালে আশ্রয়দাত্রীর সহায়তায় একজন চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার কল্পিত ঘটনাকে কেন্দ্র করে। সামাজিক বার্তাসমৃদ্ধ এই গল্পের মাধ্যমে জীবনের প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নতুন সম্ভাবনার সন্ধান তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা।
শনিবার সন্ধ্যায় কলকাতায় অনুষ্ঠিত হয় ছবির প্রিমিয়ার শো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বাদল সরকার, আলোকচিত্রী পার্থ সাহা, ব্যবসায়ী গোপাল দাস এবং কার্তিক অধিকারী-সহ চলচ্চিত্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা।
ছবির মুক্তির প্রাক্কালে পরিচালক ডাঃ সাধন পাইক বলেন, “খোলা চোখে যে ঘটনা দেখা যায়, অনেক সময় তার পেছনেও থাকে চমকে ওঠার মতো আর এক না-জানা গল্প। সেই রকমই এক রোমাঞ্চকর ও মানবিক কাহিনি নিয়েই তৈরি হয়েছে সম্পূর্ণ সামাজিক চলচ্চিত্র ‘ময়না’।”
প্রিমিয়ার শো-র পর পরিচালক বাদল সরকার ছবির প্রশংসা করে বলেন, “সাধারণত কোনো মেয়ে যৌনপল্লীতে পৌঁছলে তাকে চলচ্চিত্রে যৌনকর্মী হিসেবেই দেখানো হয়। কিন্তু ‘ময়না’-য় সেই পরিচিত ধারণার বাইরে গিয়ে গল্প উপস্থাপন করা হয়েছে। সাধন পাইক তাঁর পরিচালনায় কোনো খামতি রাখেননি। শিল্পীরাও নিজেদের চরিত্রে যথাযথ অভিনয় করেছেন।”
ছবিতে যৌনপল্লীর ‘মাসি’ সুহাসিনীর চরিত্রে অভিনয় করেছেন আলপনা সাঁতরা। ক্যামেরার সামনে প্রথম অভিনয়ের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তিনি বলেন, “জীবনে প্রথমবার ক্যামেরার সামনে অভিনয় করেছি। আমার এই সামান্য প্রচেষ্টা যদি দর্শকের মন ছুঁতে পারে, সেটাই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”
অন্যদিকে, নামভূমিকায় অভিনয় করা সপ্তদশী অভিনেত্রী তৃষা সেনাপতি বলেন, “কারও স্বপ্ন ভেঙে গেলে নতুন স্বপ্ন দেখাটা কঠিন। কিন্তু যদি কোনো স্বপ্নময় ঘটনা একজন যৌনকর্মীর জীবনে নতুন আশার আলো নিয়ে আসে, তবে সেই গল্প দর্শকদের অবশ্যই ভাবাবে। সেই গল্পই বলা হয়েছে ‘ময়না’-য়।”
মুক্তির আগেই ব্যতিক্রমী বিষয়বস্তু এবং মানবিক বার্তার জন্য দর্শক ও চলচ্চিত্র মহলে কৌতূহল তৈরি করেছে ডাঃ সাধন পাইকের নতুন স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘ময়না’।

