Reported bY Mahatab Chowdhury
কলকাতা, ২৮ অগস্ট: কলকাতার নন্দন ২-এ প্রদর্শিত হল বাংলা পূর্ণদৈর্ঘ্যের কাহিনীচিত্র ‘লোকনাথ বাবার বাল্যজীবন’। টলিউডের অভিনেত্রী অনামিকা সাহা, গায়িকা অনিন্দিতা সাহা-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে বৃহস্পতিবার এই চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
চলচ্চিত্রটির পরিচালক জয়শঙ্কর দাবি করেন, বাম আমলে নন্দনে ধর্মীয় কাহিনীচিত্র প্রদর্শনের সুযোগ ছিল না। তাঁর অভিযোগ, তৃণমূল জমানাতেও ধর্মতত্ত্ব বা হিন্দু আধ্যাত্মিকতার উপর নির্মিত কাহিনীচিত্র নন্দনে মুক্তি বা প্রদর্শনের সুযোগ পেত না। তাঁর বক্তব্য, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পালাবদলের পর হিন্দু ধর্মের অন্যতম অবতার লোকনাথ বাবাকে কেন্দ্র করে নির্মিত এই কাহিনীচিত্র নন্দনে প্রদর্শনের সুযোগ পেয়েছে।
জয়শঙ্করের দাবি, বাংলার সাংস্কৃতিক জগতের অন্যতম পরিচিত মুখ তথা বিধায়ক রুদ্রনীল ঘোষের সৌজন্যেই হিন্দু ধর্মের উপর নির্মিত এই কাহিনীচিত্র প্রথমবার নন্দনে প্রদর্শনের সুযোগ পেয়েছে।
চলচ্চিত্রটির প্রযোজক স্বপনকুমার দাস জানান, করোনা অতিমারির সময় লকডাউন চলাকালীন নলবন চত্বরে টানা ২২ দিন ধরে ‘লোকনাথ বাবার বাল্যজীবন’-এর শ্যুটিং হয়েছিল। পরবর্তীতে ২০২৪ সালে ১২৬ মিনিটের পূর্ণদৈর্ঘ্যের বাংলা কাহিনীচিত্র হিসেবে ছবিটি মুক্তি পায়। তবে সেই সময় নন্দনে ছবিটি প্রদর্শন করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
এদিন নন্দন ২-এর অলিন্দে দাঁড়িয়ে ছবির পরিচালক ও প্রযোজক তাঁদের বক্তব্য তুলে ধরেন। পাশাপাশি উপস্থিত ছিলেন টলিউডের অভিনেত্রী অনামিকা সাহা, গায়িকা অনিন্দিতা সাহা-সহ চলচ্চিত্র ও সাংস্কৃতিক জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তি।
ধর্মীয় ভাবনা, লোকনাথ বাবার শৈশবজীবন এবং বাংলার সাংস্কৃতিক পরিসরে ধর্মীয় কাহিনীচিত্রের প্রদর্শন—এই তিনটি বিষয়কে কেন্দ্র করে এদিনের আয়োজন বিশেষ তাৎপর্য বহন করে।

