মুর্শিদাবাদ জেলা জজ আদালতে হুমকি মেইল ঘিরে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে আদালত চত্বরে। অভিযোগ, মঙ্গলবার একটি অজ্ঞাত পরিচয় ই-মেইলের মাধ্যমে জেলা জজ ও জেলার অতিরিক্ত দায়রা বিচারকদের উদ্দেশ্যে হুমকি বার্তা পাঠানো হয়। মেইলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সার সংক্রান্ত বিষয়ে যাতে কোনও রকম হস্তক্ষেপ না করা হয়, অন্যথায় আদালত চত্বরে ভয়াবহ হামলা চালানো হতে পারে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয়, ওই হুমকি মেইলে আদালত ভবনকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার কথাও লেখা ছিল বলে জানিয়েছেন মুর্শিদাবাদ জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি আবু বাক্কার সিদ্দিকি। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি আদালত চত্বরে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ বাহিনী।
এদিন সকাল থেকেই আদালত প্রাঙ্গণে নজরে আসে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আদালতের প্রতিটি প্রবেশপথে শুরু হয় তল্লাশি অভিযান। আনা হয় স্নিফার ডগ, চলে ব্যাগ চেকিং ও সন্দেহভাজন বস্তু অনুসন্ধান। আদালত চত্বরে সাধারণ মানুষের প্রবেশেও জারি করা হয় বিশেষ নজরদারি।
আইনজীবীদের মধ্যেও এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে চরম উদ্বেগ ও ভয়ের পরিবেশ। আদালতে কর্মরত কর্মী ও বিচারপ্রার্থীদের নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। হুমকি মেইলের উৎস কী? কে বা কারা এর সঙ্গে জড়িত? ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে প্রশাসন।
এই ঘটনাকে কেন্দ্র করে গোটা জেলার বিচারব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা শুরু হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে পুলিশ প্রশাসন।