উলুবেড়িয়ায় পালিত হল ‘কালচারাল অ্যান্ড হেরিটেজ ইভনিং’, মঞ্চে উঠে এল গ্রামীণ এলাকার খুদে প্রতিভারা

উলুবেড়িয়ায় পালিত হল ‘কালচারাল অ্যান্ড হেরিটেজ ইভনিং’, মঞ্চে উঠে এল গ্রামীণ এলাকার খুদে প্রতিভারা

Reported By:- Abhijit Hazra

পুলিশ স্মরণ দিবস ও রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে উলুবেড়িয়ায় আয়োজিত হল ‘কালচারাল অ্যান্ড হেরিটেজ ইভনিং’। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে, পুলিশ সুপার অমিত ভার্মার বিশেষ প্রচেষ্টায় এবং উলুবেড়িয়া মহিলা থানার আয়োজনে, উলুবেড়িয়া থানার সহযোগিতায় এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং যুবক-যুবতীরা অংশগ্রহণ করেন। নাচ, গান-সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরে পড়ুয়ারা। অনুষ্ঠানের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল প্রত্যন্ত গ্রামীণ এলাকার ছোট ছোট শিশুদের প্রতিভাকে বড় মঞ্চে তুলে ধরার উদ্যোগ। তাদের শিল্পকলা ও দক্ষতা দেখে উপস্থিত দর্শকরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। ভবিষ্যতে এই সমস্ত প্রতিভাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া মহিলা থানার আইসি শাওন বাগচী, এসআই শিল্পা মান্না, উলুবেড়িয়া থানার রিপন সাহা এবং হাওড়া জোনের সিআইডি আধিকারিক দিব্যেন্দু দাস-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

উলুবেড়িয়া মহিলা থানার আইসি শাওন বাগচী জানান, পুলিশ স্মরণ দিবস ও রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের তরফে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে এদিন উলুবেড়িয়া কলেজ থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় বিদ্যালয়ের ছাত্রছাত্রী, যুবক-যুবতী এবং প্রশাসনিক আধিকারিকরা অংশ নেন। নেশামুক্ত ভারত গড়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক সচেতনতার বার্তা তুলে ধরা হয়।

তিনি আরও জানান, প্রত্যন্ত গ্রামীণ এলাকার প্রতিভাবান শিশুদের সামনে এগিয়ে নিয়ে আসার লক্ষ্যেই এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য রবীন্দ্র ভবনের মতো বড় মঞ্চের ব্যবস্থা করে দেওয়ায় উলুবেড়িয়া থানাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

সামাজিক সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি গ্রামীণ এলাকার নতুন প্রজন্মের প্রতিভা তুলে ধরার মঞ্চ হয়ে উঠল উলুবেড়িয়ার এই ‘কালচারাল অ্যান্ড হেরিটেজ ইভনিং’।

Leave a Reply

Translate »