কলকাতা বিমানবন্দর থেকে ৬০ লক্ষ টাকার সোনা পাচারের চেষ্টা ব্যর্থ, রাজস্থানের বাসিন্দা গ্রেফতার

কলকাতা বিমানবন্দর থেকে ৬০ লক্ষ টাকার সোনা পাচারের চেষ্টা ব্যর্থ, রাজস্থানের বাসিন্দা গ্রেফতার

Reported BY:- Manoj Das

কলকাতা বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজস্থানের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশের এনএসসিবিআই (NSCBI) থানার পুলিশ। ধৃতের কাছ থেকে প্রায় ৪০০ গ্রাম সোনার গহনা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লক্ষ টাকা, উদ্ধার হয়েছে। পাশাপাশি কয়েকশো গ্রাম রূপোও বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রামাভতার শর্মা, তিনি রাজস্থানের বাসিন্দা। বুধবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দর থেকে এক ব্যক্তির কাছ থেকে সোনার গহনা সংগ্রহ করে স্কুটিতে করে বিমানবন্দর এলাকা ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ স্কুটিটি আটকায়।

তল্লাশিতে ধৃতের কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ সোনা ও রূপো। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া সোনা কলকাতার বড়বাজার এলাকায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। তবে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, সোনা কোথা থেকে এসেছে এবং কার কাছে পৌঁছানোর কথা ছিল—তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ধৃতকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। তদন্তকারীরা পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে গোটা পাচারচক্রের নেপথ্যের ব্যক্তিদের খোঁজে জিজ্ঞাসাবাদ চালাবেন। বিমানবন্দরকে ব্যবহার করে সোনা পাচারের এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা ও চোরাচালান চক্রের সক্রিয়তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Translate »