ডালখোলায় বিজেপি সংখ্যালঘু মোর্চার সাংগঠনিক সভা, বুথস্তরে সংগঠন শক্তিশালী করার বার্তা নেতৃত্বের

ডালখোলায় বিজেপি সংখ্যালঘু মোর্চার সাংগঠনিক সভা, বুথস্তরে সংগঠন শক্তিশালী করার বার্তা নেতৃত্বের

Reported By:- MD. Jakaria

উত্তর দিনাজপুর জেলার ডালখোলার স্টার ভবনে সোমবার অনুষ্ঠিত হলো বিজেপি উত্তর দিনাজপুর জেলা সংখ্যালঘু মোর্চার এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা সভা। আসন্ন রাজনৈতিক কর্মসূচি এবং সাংগঠনিক বিস্তারের লক্ষ্যে আয়োজিত এই বৈঠকে জেলা ও মণ্ডল স্তরের একাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলী হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি নিমাই কবিরাজ, জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি আব্দুল জলিল, ইনচার্জ অজয় কুমার সিংহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিরু উদ্দিন-সহ অন্যান্য নেতৃত্ব।

বৈঠকে মূলত বুথভিত্তিক সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করা, জনসংযোগ বৃদ্ধি, নতুন সদস্য সংগ্রহ এবং সংখ্যালঘু সমাজের মধ্যে দলের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নেতৃত্বের পক্ষ থেকে কর্মীদের উদ্দেশে বলা হয়, আগামী দিনে মানুষের সঙ্গে আরও বেশি যোগাযোগ বাড়িয়ে দলের আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। পাশাপাশি প্রতিটি বুথে সক্রিয় সাংগঠনিক কাঠামো গড়ে তোলার উপরও জোর দেওয়া হয়।

সভায় উপস্থিত নেতারা দাবি করেন, সংখ্যালঘু সমাজের মধ্যে বিজেপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে। সেই লক্ষ্যেই জেলা জুড়ে বুথস্তরে সংগঠনকে আরও সক্রিয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

Leave a Reply

Translate »