রিপোর্ট: মনোজ দাস
বেলঘড়িয়া: বেলঘড়িয়া দেশপ্রিয়নগর সিপিআই(এম) এরিয়া কমিটির সাংগঠনিক সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখলেন সিপিআই(এম) নেত্রী মীনাক্ষী মুখার্জি।
দুর্গাপুজোকে ঘিরে রাজনৈতিক বিতর্ক প্রসঙ্গে মীনাক্ষী মুখার্জি বলেন, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সেই উৎসবে সিপিআই(এম)-এর পক্ষ থেকে মার্কসবাদী বইয়ের বুক স্টল বসানো নিয়ে আপত্তি তোলা হচ্ছে। বিজেপির পক্ষ থেকে বামপন্থীদের ‘নাস্তিক’ বলে প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ ওঠে।
এই প্রসঙ্গে মীনাক্ষী মুখার্জির প্রশ্ন, “কোথায় লেখা আছে সিপিআইএম নাস্তিক?” বিজেপির এই ধরনের প্রচারকে অপপ্রচার বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে বিজেপিকে অযথা প্রচারের সুযোগ না দিতে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়েও মন্তব্য করেন সিপিআই(এম) নেত্রী।
টেক্সমাকো কারখানার বেহাল দশা নিয়েও সরব
বেলঘড়িয়ার ঐতিহাসিক শিল্পাঞ্চল টেক্সমাকো কারখানার বর্তমান পরিস্থিতি নিয়েও প্রশ্ন ওঠে। একসময় যেখানে বহু শ্রমিক কাজ করতেন, সেই শিল্পাঞ্চলের বর্তমান বেহাল দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মীনাক্ষী মুখার্জি।
তিনি বলেন, শুধু বেলঘড়িয়া বা একটি নির্দিষ্ট কারখানা নয়, গোটা পশ্চিমবঙ্গেই শিল্পের পরিস্থিতি উদ্বেগজনক। রাজ্যে ‘ডবল ইঞ্জিন সরকার’ প্রতিষ্ঠার প্রসঙ্গ তুলে তিনি বলেন, শিল্প আনার জন্য সরকারের উদ্যোগ নেওয়া উচিত। শিল্প ও কর্মসংস্থানের দাবিতে বামপন্থীরা বারবার আন্দোলন করছে বলেও দাবি করেন তিনি।
পানিহাটি হাসপাতালের পরিস্থিতি নিয়েও মন্তব্য
এদিন পানিহাটি হাসপাতালের পরিস্থিতি নিয়েও প্রশ্ন করা হয় মীনাক্ষী মুখার্জিকে। হাসপাতালের বর্তমান পরিস্থিতিকে তিনি অত্যন্ত করুণ ও উদ্বেগজনক বলে মন্তব্য করেন।
বেলঘড়িয়া দেশপ্রিয়নগর সিপিআই(এম) এরিয়া কমিটির সাংগঠনিক সভার পর মীনাক্ষী মুখার্জির এই বক্তব্য ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

