নিউ ফরাক্কায় রেললাইনে ধসবাতিল একাধিক ট্রেন!

নিউ ফরাক্কায় রেললাইনে ধসবাতিল একাধিক ট্রেন!

এম জাকারিয়া | ফারাক্কা

নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনের নিচে মাটি বসে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে রেল পরিষেবা। নিরাপত্তার কারণে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি কিছু ট্রেনকে বিকল্প পথে চালানো হচ্ছে। এর জেরে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়েছে।

মালদহ টাউন স্টেশনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ট্রেনের অবস্থান এবং সময় সম্পর্কে নিশ্চিত তথ্য না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন যাত্রীরা। যাত্রী তথা শিক্ষক অলপনা সাহা বলেন, “আমাকে কাজের জন্য শিলিগুড়ি পৌঁছতেই হবে। ট্রেনের সময় নিয়ে এখনও নিশ্চিত নই। বাসের ভাড়াও বেড়ে গিয়েছে।”

অন্যদিকে কলকাতাগামী যাত্রী সুদীপ্ত দে অভিযোগ করেন, রেল পরিষেবা ব্যাহত হওয়ার সুযোগে বেসরকারি বাসের ভাড়াও উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে। তাঁর দাবি, আগে যে বাসের ভাড়া প্রায় ১,৬০০–১,৭০০ টাকা ছিল, বর্তমানে সেই ভাড়াই ২,৫০০–৩,০০০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে।

রেল পরিষেবা ব্যাহত হওয়ায় স্বাভাবিকভাবেই বিকল্প বাস পরিষেবার উপর চাপ বেড়েছে। যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে অতিরিক্ত এবং বিশেষ বাস চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় আটকে থাকা যাত্রীদের জন্য খাবার ও পানীয় জলের ব্যবস্থাও করা হচ্ছে।

রেলকর্মীদের সূত্রে জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত অংশে দ্রুত মেরামতির কাজ চলছে। তবে সম্পূর্ণ রেল পরিষেবা স্বাভাবিক হতে এখনও কিছুটা সময় লাগতে পারে।

এর ফলে একদিকে যেমন ট্রেন বাতিল ও পরিবর্তিত রুটের কারণে যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে, অন্যদিকে বিকল্প পরিবহনের অতিরিক্ত ভাড়াও যাত্রীদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। দ্রুত রেল পরিষেবা স্বাভাবিক করার দিকেই এখন তাকিয়ে রয়েছেন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের যাত্রীরা।

Leave a Reply

Translate »