Reported By:- News Desk


নারী শক্তিকে কেন্দ্র করে মুক্তি পেল ডাঃ সুমিতা সাহার প্রথম পরিচালিত ছবি ' মাতৃরূপেণ'। ছবিটি গত ১৫-৬-২০২৪ তারিখে ' নন্দন ' এ মুক্তি পেয়েছে । মুক্তিময়ী ফিল্মস নিবেদিত ' মাতৃরূপেণ ' ছবিটি দুটি গল্প নিয়ে তৈরি হয়েছে।প্রথম গল্পটির নাম 'অপরাজিতা ' । এই সমাজে কন্যা সন্তানের ভূমিকা নিয়ে লেখিকা তার লেখনী ধরেছেন এবং প্রতিবাদে সোচ্চার হয়েছেন কন্যা ভ্রূন হত্যার বিরুদ্ধে । এই ছবির সময়সীমা চল্লিশ মিনিট, পরের ছবি ' শ্রীচরণেষু মা ' এই ছবিটি দেড় ঘন্টার।পরিচালক ডাঃ সুমিতা সাহা তার মা শ্রীমতী মুক্তিময়ী সাহার জীবনের গল্প নিয়ে চিত্রনাট্য তৈরি করেছেন। মুক্তিময়ী দেবীর বয়স এখন ৮৬ বছর । এই সিনেমাটিতে দেখানো হয়েছে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে কিভাবে প্রথাগত শিক্ষায় শিক্ষিত না হয়েও স্বামীর সহযোগিতায় তিনি বাড়িতেই লেখাপড়া শিখে প্রচুর কবিতা লিখেছেন এবং প্রচুর জ্ঞান অর্জন করেছেন । অক্লান্ত পরিশ্রম করে ছেলেমেয়েদের মানুষ করেছেন। তাদের লেখাপড়া , গান , গিটার , সবকিছু শিখিয়েছেন । সৃষ্টি করেছেন এক অমূল্য কবিতার সম্ভার 'একগুচ্ছ কবিতা ' । ২০১১ সালে তার লেখা 'একগুচ্ছ কবিতা ' বইটি প্রকাশিত হয় । ' অপরাজিতা ' এবং 'শ্রীচরণেষু মা ' এই দুটি ছবি একত্রে নামকরণ করা হয়েছে ' মাতৃরূপেণ '।



