Reported By:- Manoj Das
রাজ্যজুড়ে সরকারিভাবে উচ্ছেদ অভিযান আপাতত স্থগিত থাকলেও, উন্নয়নমূলক প্রকল্পের স্বার্থে পানিহাটিতে বৃহস্পতিবার বিকেলে বুলডোজার চালিয়ে রাস্তা দখল করে থাকা একাধিক নির্মাণ ভেঙে ফেলা হয়। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি নীলগঞ্জ রোডের দীর্ঘদিনের সংস্কার ও সম্প্রসারণ প্রকল্পের অংশ।
প্রশাসনিক সূত্রে জানা যায়, বিগত সরকারের আমল থেকেই নীলগঞ্জ রোডের সংস্কার ও সম্প্রসারণের কাজ শুরু হয়েছিল। সরকার পরিবর্তনের পরেও সেই প্রকল্পের কাজ অব্যাহত রয়েছে। রাস্তা সম্প্রসারণের স্বার্থে দখলদারদের গত ৬ তারিখে নির্মাণ সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যেও সংশ্লিষ্টরা অবৈধ নির্মাণ না সরানোয় এদিন পৌরসভার উদ্যোগে উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযানের সময় পৌরসভার আধিকারিকদের পাশাপাশি খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিল। প্রশাসনের তত্ত্বাবধানে বুলডোজার দিয়ে রাস্তার ওপর থাকা দখল নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পুরো অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নিরাপত্তার কড়া ব্যবস্থা নেওয়া হয়।
পৌরসভা সূত্রে জানানো হয়েছে, উচ্ছেদ হওয়া অংশ দ্রুত পরিষ্কার করে নীলগঞ্জ রোডের বাকি অংশের সংস্কার ও সম্প্রসারণের কাজ শুরু করা হবে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই প্রকল্প দ্রুত শেষ করে এলাকার যান চলাচল আরও স্বাভাবিক ও নিরাপদ করাই প্রশাসনের লক্ষ্য।

