সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গ্রেপ্তার ঝাড়খণ্ডের যুবক, উদ্ধার ২টি দেশি পিস্তল

সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গ্রেপ্তার ঝাড়খণ্ডের যুবক, উদ্ধার ২টি দেশি পিস্তল

Reported By:- Binoy Roy

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ এক যুবককে গ্রেপ্তার করল সামশেরগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাতে ঝাড়খণ্ড সীমান্ত সংলগ্ন চসকাপুর ঘোড়ামারা মোড় এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে দুটি ওয়ান শাটার দেশি পিস্তল এবং দু’রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম রুহুল শেখ (২০)। তাঁর বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় থানার অন্তর্গত জিকোরঘাঁটি এলাকায়। রবিবার সামশেরগঞ্জ থানায় সাংবাদিক সম্মেলন করে এই গ্রেপ্তারির বিস্তারিত তথ্য তুলে ধরেন জঙ্গিপুর পুলিশ জেলার আধিকারিকরা।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস, ফরাক্কার এসডিপিও দীপেন্দ্র তামাং এবং সামশেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক কুনাল কান্তি দাস।

অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস জানান, গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, ঝাড়খণ্ডের এক যুবক আগ্নেয়াস্ত্র ও গুলি হস্তান্তর করতে আসবে। সেই খবরের ভিত্তিতে সামশেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক কুনাল কান্তি দাসের নেতৃত্বে পুলিশের একটি দল চসকাপুর ঘোড়ামারা মোড় এলাকায় অভিযান চালায়। সেখানে সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালাতেই দুটি ওয়ান শাটার দেশি পিস্তল ও দু’রাউন্ড কার্তুজ উদ্ধার হয় বলে পুলিশের দাবি।

এরপর ওই যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয় এবং নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়। রবিবার তাঁকে আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

এই অস্ত্র কারবারের সঙ্গে আর কারা জড়িত, কোথা থেকে আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল এবং কাদের কাছে তা হস্তান্তরের পরিকল্পনা ছিল—তা খতিয়ে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ। জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের বেআইনি অস্ত্র কারবার বন্ধ করতে পুলিশ কঠোর পদক্ষেপ নিতে বদ্ধপরিকর।

Leave a Reply

Translate »