সোশ্যাল মিডিয়ায় দেশের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং দিল্লি পুলিশের এক কর্মীকে উদ্দেশ্য করে আপত্তিকর ও অশালীন মন্তব্য করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘড়িয়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম তারকেশ্বর গুণ। অভিযোগ, তিনি একটি ভিডিওতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং দিল্লি পুলিশের এক কর্মীকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষা ব্যবহার ও কুরুচিকর মন্তব্য করেন। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
এরপর বেলঘড়িয়ার বাসিন্দা সুদীপ্ত রায় বেলঘড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বেলঘড়িয়ার টেক্সম্যাকো কারখানার কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে। গ্রেফতারের পর তাঁকে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে।
পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং সামাজিক মাধ্যমে আপত্তিকর পোস্ট বা ভিডিও ছড়ানোর ক্ষেত্রে প্রযোজ্য আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে।

