প্রতিবেদক: বিনয় রায়
মুর্শিদাবাদের জলঙ্গি থানার ভূত গাড়ির মাঠ এলাকায় বিএসএফের তরফ থেকে একটি ক্যাম্প নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই উদ্দেশ্যে স্থানীয় কৃষকদের জমিতে লাল রঙের নিশান টাঙিয়ে দেওয়া হয়। এই ঘটনার পরপরই উত্তেজিত স্থানীয় লোকজন শেখপাড়া-জলঙ্গি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
প্রত্যক্ষদর্শী ও উপলব্ধ ফুটেজের বরাতে জানা গেছে, প্রায় এক ঘণ্টা ধরে এই বিক্ষোভ চলে। স্থানীয় কৃষকদের অভিযোগ, “দুই ফসলি ও তিন ফসলি উর্বর জমি বিএসএফ ক্যাম্প নির্মাণের জন্য নিয়ে নিলে আমরা ব্যাপক ক্ষতির মুখে পড়ব। সেই জমিতে আমরা ক্যাম্প বানাতে দেব না।” এই দাবিতেই মূলত বিক্ষোভ বলে জানিয়েছেন স্থানীয় সূত্রে।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জলঙ্গি থানার বিশাল পুলিশ বাহিনী ও বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। পুলিশ ও বিএসএফের আধিকারিকরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে নেওয়া হয়।

