জাতীয় মৎস্য চাষি দিবস উপলক্ষে ব্যারাকপুরের মনিরামপুরে অবস্থিত কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্রে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মৎস্যমন্ত্রী রাজেশ মাহাতো, কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্রের ডিরেক্টর, কলকাতা মৎস্য গবেষণা কেন্দ্রের আধিকারিকরা, ব্যারাকপুরের মহকুমা শাসক, মৎস্য দফতরের আধিকারিক এবং জেলার বহু মৎস্যচাষি।
অনুষ্ঠানে মৎস্যমন্ত্রী রাজেশ মাহাতো রাজ্যের মৎস্যচাষের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের মৎস্যচাষিরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের পূর্ণ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। তবে বর্তমানে রাজ্যে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর মৎস্যচাষের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
মন্ত্রী জানান, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষিদের আর্থিকভাবে আরও স্বনির্ভর করে তোলার লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বিত উদ্যোগে আগামী দিনে মৎস্যচাষ আরও সমৃদ্ধ হবে এবং মৎস্যচাষিরা সরাসরি তার সুফল পাবেন।
অনুষ্ঠানে উপস্থিত আধিকারিকরাও মৎস্যচাষে গবেষণা, প্রযুক্তির প্রয়োগ এবং প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। জাতীয় মৎস্য চাষি দিবস উপলক্ষে সফল মৎস্যচাষিদের সম্মাননা প্রদান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

