রেল দুর্ঘটনা নয়, দুর্ঘটনার পর উদ্ধারকাজের প্রস্তুতি! কাঁকিনাড়ায় রেল আধিকারিক, দমকল, NDRF ও মেডিক্যাল টিমের মহড়া

রেল দুর্ঘটনা নয়, দুর্ঘটনার পর উদ্ধারকাজের প্রস্তুতি! কাঁকিনাড়ায় রেল আধিকারিক, দমকল, NDRF ও মেডিক্যাল টিমের মহড়া

Reported BY:- Manoj Das

রেল দুর্ঘটনা নয়, তবে দুর্ঘটনা ঘটলে কীভাবে দ্রুত পরিস্থিতি মোকাবিলা করা হবে এবং কীভাবে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হবে, তারই হাতে-কলমে মহড়া দেখা গেল কাঁকিনাড়ায়। স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেন লাইনচ্যুত হয়ে উল্টে যাওয়ার একটি পরিস্থিতি তৈরি করে এই বিশেষ উদ্ধার মহড়ার আয়োজন করা হয়।

মহড়ায় ঘটনাস্থলে হাজির ছিল রেলের আধিকারিক, পুলিশ, দমকল বাহিনী, অ্যাম্বুলেন্স, মেডিক্যাল টিম এবং বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। আচমকাই বড়সড় রেল দুর্ঘটনা ঘটলে বিভিন্ন উদ্ধারকারী সংস্থা কীভাবে সমন্বয় রেখে দ্রুত ঘটনাস্থলে পৌঁছবে এবং কীভাবে উদ্ধারকাজ শুরু করবে, সেই প্রক্রিয়াই এই মহড়ার মাধ্যমে তুলে ধরা হয়।

মহড়ার অংশ হিসেবে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে উল্টে যাওয়ার পরিস্থিতি তৈরি করা হয়। নির্দিষ্ট সময় ৩টা ৪৫ মিনিটে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে—এমন পরিস্থিতি ধরে শুরু হয় উদ্ধার অভিযান। এরপর কত দ্রুত ঘটনাস্থলে পৌঁছচ্ছে মেডিক্যাল টিম, রেসকিউ টিম, দমকল এবং রেলের আধিকারিকরা, তা কার্যত দেখানো হয়।

দুর্ঘটনায় যদি কোনও যাত্রী ট্রেনের বগির ভিতরে আটকে পড়েন, সেক্ষেত্রে কীভাবে দ্রুত তাঁকে বের করে আনা হবে, সেটিও মহড়ায় দেখানো হয়। প্রয়োজন অনুযায়ী গ্যাস কাটার ব্যবহার করে ট্রেনের বগি কেটে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করার প্রক্রিয়া হাতে-কলমে প্রদর্শন করেন বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা।

একইসঙ্গে আহতদের দ্রুত চিকিৎসার আওতায় আনা, ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে পাঠানোর প্রস্তুতি এবং উদ্ধারকারী দলগুলির মধ্যে সমন্বয়ের বিষয়টিও মহড়ার মাধ্যমে তুলে ধরা হয়।

এই ধরনের মহড়ার মূল উদ্দেশ্য হল, ভবিষ্যতে কোনও বড় রেল দুর্ঘটনা ঘটলে যাতে উদ্ধারকারী সংস্থাগুলি দ্রুত এবং সঠিকভাবে পরিস্থিতি মোকাবিলা করতে পারে, সেই প্রস্তুতি যাচাই করা। পাশাপাশি উদ্ধারকাজের সময় কী ধরনের সমস্যা তৈরি হতে পারে এবং সেই পরিস্থিতিতে কীভাবে দ্রুত সিদ্ধান্ত নিয়ে আটকে থাকা যাত্রীদের নিরাপদে বের করে আনা সম্ভব, তারও অনুশীলন করা হয়।

তবে কাঁকিনাড়ায় ট্রেন লাইনচ্যুত হয়ে উল্টে যাওয়ার যে দৃশ্য দেখা গিয়েছে, তা কোনও বাস্তব দুর্ঘটনা নয়। এটি সম্পূর্ণভাবে একটি পরিকল্পিত রেল দুর্ঘটনা মোকাবিলা ও উদ্ধার মহড়া

Leave a Reply

Translate »