পাঁচ মাসের সরকারের আমলেও নারী নির্যাতন ও ধর্ষণের অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্ক অব্যাহত। এবার বরানগর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের নেতাজি কলোনি, রোল্যান্ড রোড এলাকায় এক ৫৮ বছর বয়সি ব্যক্তির বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ তুললেন ২৩ বছর বয়সি এক তরুণী। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বলে জানা গিয়েছে।
অভিযোগকারিণীর দাবি, তিনি যে বাড়িতে মেস ভাড়া নিয়ে থাকেন, সেই বাড়ির এক প্রবীণ বাসিন্দা তাঁকে নিজের ঘরে ডাকেন। সেখানে টাকার প্রলোভন দেখিয়ে ভালোবাসার প্রস্তাব দেওয়ার পাশাপাশি তাঁকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী।
অভিযোগ সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বরানগর থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। তাঁদের বক্তব্য, পরিবারটিকে ফাঁসানো হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে উপস্থিত বিজেপি কর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বচসা শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হাতাহাতির অভিযোগও সামনে আসে। তরুণী নিজের ঘর থেকে জিনিসপত্র আনতে গেলে সেই সময়েও উত্তেজনা তৈরি হয় বলে জানা গিয়েছে।
একদিকে তরুণীর লিখিত অভিযোগ, অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের পাল্টা দাবি—সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এখন পুলিশের তদন্তে কী তথ্য উঠে আসে, সেটাই দেখার। অভিযোগের সত্যতা নির্ধারণ এবং ন্যায়বিচার নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্তের দাবি উঠছে।

