Reported By Manoj Das



খড়দহ: বিধানসভা নির্বাচনের আগে ফের প্রকাশ্যে এল বিজেপির অন্তর্দ্বন্দ্বের অভিযোগ। খড়দহ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কল্যাণ নগর মাঠপাড়া এলাকায় প্রবীণ ও বিশেষভাবে সক্ষম বিজেপি কর্মী শিশির রায়কে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দলেরই দুই কর্মীর বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ওই এলাকায় বসবাস করেন বিজেপি কর্মী শিশির রায়। অভিযোগ, বাইকে করে এসে বিশ্বজিৎ সরদার ও তপন দাস নামে দুই বিজেপি কর্মী শিশির রায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে তাঁকে প্রাণনাশের হুমকি দেন। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সংবাদমাধ্যমের হাতে এসেছে বলে জানা গিয়েছে।
ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন শিশির রায় ও তাঁর পরিবার। বর্তমানে পরিবার নিয়ে গৃহবন্দি অবস্থায় রয়েছেন বলে দাবি তাঁর। নির্বাচনের আগে এই ঘটনাকে কেন্দ্র করে খড়দহ বিধানসভা এলাকায় বিজেপির গোষ্ঠী কোন্দল ও উত্তেজনা প্রকাশ্যে এসেছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।
এদিকে ঘটনাকে ঘিরে বিজেপি নেতৃত্বের প্রতিক্রিয়ায় জানানো হয়েছে, অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হবে। যদি ঘটনায় দলের কোনও কর্মী জড়িত থাকেন, তাহলে দলের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়েছে কিনা তা স্পষ্ট নয়।

