তৃণমূল ছিল চোরের দল ! বিস্ফোরক অধীর চৌধুরী ! বিজেপি কি পারবে দুর্নীতিমুক্ত বাংলা গড়তে ?

তৃণমূল ছিল চোরের দল ! বিস্ফোরক অধীর চৌধুরী ! বিজেপি কি পারবে দুর্নীতিমুক্ত বাংলা গড়তে ?

Reported By:- Binoy Roy

বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস ও প্রশাসনের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেস নেতা তথা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে রাজ্যে তৃণমূল কংগ্রেস কাটমানি, দালাল চক্র, হপ্তাবাজি ও দুর্নীতির রাজনীতি চালিয়েছে এবং সেই কাজে প্রশাসনের একাংশ বিশেষভাবে সহযোগিতা করেছে।

অধীর চৌধুরী বলেন, “তৃণমূল দলটা সম্পূর্ণভাবে চোরের রাজনীতিতে পরিণত হয়েছিল। কাটমানি থেকে শুরু করে দালালি, তোলাবাজি—সব কিছুই চলত প্রকাশ্যে। আর সেইসব কাজে বাংলার পুলিশের একাংশ তাদের মদত দিত।”

তিনি আরও বলেন, বর্তমানে নতুন বিজেপি সরকার ক্ষমতায় এসেছে এবং তারা যদি সত্যিই দুর্নীতিমুক্ত রাজ্য গড়ার কাজে আন্তরিকভাবে এগিয়ে আসে, তাহলে তার থেকে বেশি খুশি সাধারণ মানুষ আর কেউ হবে না। তবে একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, শুধুমাত্র সরকার পরিবর্তন হলেই পরিস্থিতির বদল হবে না, প্রশাসনিক মানসিকতার পরিবর্তনও জরুরি।

সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী অভিযোগ করেন, “অনেক সরকারি আধিকারিক আগে যেমন তৃণমূলের চামচাগিরি করতেন, এখন তারাই বিজেপির চামচাগিরি শুরু করবেন। এই সংস্কৃতি বন্ধ হওয়া খুব দরকার। প্রশাসনকে রাজনৈতিক দলের কর্মীর মতো আচরণ না করে সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে।”

তিনি দাবি করেন, সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা যেন গুরুত্ব দিয়ে শোনা হয় এবং প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে। রাজ্যে দীর্ঘদিন ধরে যে দুর্নীতি, স্বজনপোষণ ও রাজনৈতিক প্রভাব খাটানোর সংস্কৃতি চলেছে, তা থেকে বেরিয়ে এসে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনারও আহ্বান জানান তিনি।

অধীর রঞ্জন চৌধুরীর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। বিশেষ করে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের আবহে তাঁর এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Translate »