দক্ষিণেশ্বরে রাতারাতি উচ্ছেদ অভিযান! নিবেদিতা সেতুর নিচে গুঁড়িয়ে দেওয়া হল ১৯৬টি দোকান

দক্ষিণেশ্বরে রাতারাতি উচ্ছেদ অভিযান! নিবেদিতা সেতুর নিচে গুঁড়িয়ে দেওয়া হল ১৯৬টি দোকান

Reported by: Manoj Das

দক্ষিণেশ্বর: দক্ষিণেশ্বরের নিবেদিতা সেতুর নিচে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও বাস গুমটি উচ্ছেদে মঙ্গলবার যৌথ অভিযান চালায় দক্ষিণেশ্বর থানার পুলিশ এবং হাই রোড অথরিটি।

অভিযান চলাকালীন এলাকাজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। প্রায় ১৯৬টি দোকান ও বাস গুমটি ভাঙার কাজ শুরু হয় বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে। প্রশাসনের দাবি, রাস্তার দখলমুক্তকরণ এবং যান চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যেই এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।

অভিযানকে ঘিরে ঘটনাস্থলে বহু স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী জড়ো হন। বেশ কয়েকজন ব্যবসায়ী তাদের দোকান ভেঙে না দেওয়ার আবেদন জানান পুলিশের কাছে। পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয়ে ওঠে, সে কারণে পুলিশ প্রশাসন গোটা এলাকায় সতর্ক অবস্থান নেয়।

তবে বিনা নোটিশে উচ্ছেদের অভিযোগ তুলেছেন কয়েকজন ব্যবসায়ী। এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে বিস্তারিত বিবৃতি প্রকাশ করা হয়নি।

 

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। উচ্ছেদ অভিযানের পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

Leave a Reply

Translate »