Reported by Manoj Das
উত্তর ২৪ পরগনার বরানগরে রাজনৈতিক উত্তেজনা ঘিরে চাঞ্চল্য ছড়াল বরানগর স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে। বিজেপি কর্মীদের দাবি, হাসপাতালের সরকারি জমিতে অবৈধভাবে “বন্ধু মিলন সংঘ” ক্লাবের নামে তৃণমূলের দলীয় কার্যালয় চালানো হচ্ছিল।
বিজেপি কর্মীরা এদিন ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দেন, সরকারি জমিতে কোনও রাজনৈতিক দলের পতাকা বা ক্লাব রাখা যাবে না। তাঁদের দাবি, হাসপাতালের জমি শুধুমাত্র সরকারি ও জনসেবামূলক কাজের জন্য ব্যবহার হওয়া উচিত।
বিজেপি নেতৃত্বের অভিযোগ, বরানগর থানার সহযোগিতায় ক্লাবঘরের চাবি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। বিজেপির বক্তব্য, ভবিষ্যতে এই ঘরটি হাসপাতাল কর্তৃপক্ষ মানুষের সেবামূলক কাজে ব্যবহার করবে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

