প্রতিনিধি: মনোজ দাস
১ মে ২০২৬: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হলেও এখন উত্তাপ ছড়িয়েছে স্ট্রংরামে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী অভিযোগ করে বলেছেন, “ভোটের লড়াইটা ভোটের লড়াই হচ্ছে না, স্ট্রংরাম দখলের লড়াই হচ্ছে।”
তিনি দাবি করেন, ভোটের আগে তৃণমূল নেত্রী ঘন্টার পর ঘন্টা স্ট্রংরামে গিয়ে বসে থাকছেন – শুধু এই আশঙ্কায় যাতে অন্য কেউ ‘হাইজ্যাক’ করতে না পারে। সুজনের কথায়, “উনি জানেন হাইজ্যাক করা যায়। কারণ এর আগের নির্বাচনগুলোতে উনি নিজে হাইজ্যাক করেছেন। যে জিনিস উনি আগে করেছেন, সেই জিনিস এখন বিজেপি করছে বলে তাঁর সন্দেহ।”
তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রী যে অপরাধ করেছেন, ফলত তিনি জানেন এইভাবে অপরাধ করা যায়। সেই একই অপরাধ এখন বিজেপি করছে – সেই সন্দেহেই ভোটের লড়াইটা এখন স্ট্রংরামে গিয়ে পড়েছে।”
ভোট শেষে গ্যাসের দাম বৃদ্ধি – ‘প্রতারণা’
সুজন চক্রবর্তী ভোট শেষ হওয়ার পরই গ্যাসের দাম বৃদ্ধির প্রসঙ্গে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “ভোট শেষ হতেই বেড়ে গেল গ্যাসের দাম। এটা সরাসরি প্রতারণা। আগে ভোট, তারপর মানুষকে ঠকানো – এটাই তাদের নীতি।”
আইপ্যাক প্রধান গ্রেফতার ও জামিন নিয়ে প্রশ্ন
সুজন বলেন, “আইপ্যাকের মাথাকে গ্রেফতার করা হলো। আর ভোট শেষ হতেই তাঁকে জামিন দিয়ে দেওয়া হলো। সময়টাই দেখার মতো। ভোটের আগে গ্রেফতার, ভোটের পর জামিন – এটা কোন খেলা?”
দক্ষিণ ২৪ পরগণায় ‘দাবাং বনাম পুষ্পা’
দক্ষিণ ২৪ পরগণার প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন, “ওখানে ১৫টি বুথে রিপোর্টিং। ওখানে তো দাবাং বনাম পুষ্পার লড়াই। উটের লড়াইটা যদি দাবাং বনাম পুষ্পা লড়াইতে নিয়ে যায়, তাহলে মানুষের গণতন্ত্রকে হরণ করা হয়।”
তিনি প্রশ্ন তোলেন, বিনোদনের জগতের নাম ব্যবহার করে উত্তর-আধুনিক রাজনৈতিক চরিত্র তৈরির এই প্রচেষ্টা কি গণতন্ত্রকে ঠাট্টা করার সামিল নয়?

