Reported By:- Manoj das
আগরপাড়ায় বিজেপির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য, রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় সহ জেলার একাধিক নেতৃত্ব ও কার্যকর্তারা। সংগঠনকে আরও শক্তিশালী করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
বৈঠকের আগে আগরপাড়ার একটি মন্দিরে পুজো দেন সমীক ভট্টাচার্য। এরপর জেলা কার্যালয়ে শুরু হয় সাংগঠনিক সভা। বৈঠকে বুথস্তর থেকে জেলা সংগঠনের কাজ, রাজনৈতিক পরিস্থিতি এবং বিরোধীদের বিরুদ্ধে আগামী দিনের কৌশল নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
তবে সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমীক ভট্টাচার্য কোনও মন্তব্য করতে চাননি। তিনি জানান, দলের পক্ষ থেকে যা বলার তা বলবেন বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ।
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সজল ঘোষ একাধিক ইস্যুতে তীব্র আক্রমণ শানান বিরোধীদের বিরুদ্ধে। এসআইআর (SIR) প্রসঙ্গে আদালতের রায় নিয়ে তিনি বলেন, “এই ইস্যুতে বিরোধীরা আদালতে ধাক্কা খেয়েছে। এটা নির্বাচন কমিশনের জয়। বিরোধীদের এখন আর মানুষের সামনে যাওয়ার মুখ নেই বলেই তারা বারবার ব্যর্থ হচ্ছে।”
এছাড়াও শিলিগুড়ির সভায় মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে আইনজীবী রিংকির করা FIR প্রসঙ্গেও সরব হন সজল ঘোষ। তিনি বলেন, “এটা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। এ রকম আরও অনেক FIR হবে। মানুষের রাগ এখন বিস্ফোরণের পর্যায়ে পৌঁছেছে।”
সবশেষে জোড়কণ্ঠে সজল ঘোষ দাবি করেন, “মুখ্যমন্ত্রীকে এবার জেলে যেতে হবে।” তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
আগরপাড়ার এই সাংগঠনিক সভা ও বিজেপি নেতৃত্বের বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

