Reported By News Desk
কলকাতা, ২৭ মে:
মোবাইল-ল্যাপটপের হাইটেক যুগে উত্তর কলকাতার ঐতিহ্যবাহী পাড়া ক্রিকেট প্রায় ইতিহাস হয়ে গিয়েছিল। ডিজিটাল বিনোদনের চাপে গলি থেকে হারিয়ে যেতে বসেছিল ব্যাট-বলের রোমাঞ্চ। কিন্তু সেই হারানো সংস্কৃতিকে ফিরিয়ে আনতে মাঠে নেমেছে শ্যামপুকুরের ‘সেভেন স্টার ক্লাব’।
ক্লাবের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হল এক জমজমাট পাড়া ক্রিকেট টুর্নামেন্ট। উত্তেজনা বাড়াতে প্রতিটি দলের নামকরণ করা হয় আইপিএল দলের নামে। মোট আটটি দল অংশ নেয় এই প্রতিযোগিতায়। ফাইনাল ম্যাচে ‘কলকাতা নাইট রাইডার্স’ কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘লখনৌ সুপার জায়ান্টস’। রানার্স আপ হয় কলকাতা নাইট রাইডার্স।
বাকি দলগুলো ছিল— রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, চেন্নাই সুপার কিংস, গুজরাট টাইটান্স, সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস।




উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা। তাঁদের মধ্যে রয়েছেন— হিন্দু সৎকার সমিতির ট্রাস্টি সঞ্জয় রায়, শিল্পী দিবাকর চক্রবর্তী, অ্যাডভোকেট অনিল দাস, আরপি ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট শুভাশিস রায় ও সেক্রেটারি সুস্মিতা রায় এবং মোহনবাগান ফ্যান ক্লাবের সেক্রেটারি অরিন্দম মল্লিক।
প্রাঙ্গণ জুড়ে উৎসবের আবহ। শিশু থেকে প্রবীণ— সবাই মেতে ওঠেন ক্রিকেট-উৎসবে।
ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বাড়ানো হবে। লক্ষ্য, নতুন প্রজন্মকে পাড়া ক্রিকেটের টানে ফিরিয়ে আনা এবং উত্তর কলকাতার চিরচেনা গলি-ক্রিকেট সংস্কৃতি বাঁচিয়ে রাখা।

