মুর্শিদাবাদের বানিপুর এলাকায় বাড়ির বাইরে খেলতে থাকা একদল শিশুর উদ্দেশ্যে গুলি চালানোর অভিযোগে গ্রেফতার হলেন এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জথানার অন্তর্গত এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শিক্ষকের নাম সমীর কুমার মন্ডল। তিনি ওমরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। অভিযোগ, প্রতিদিনের মতো বাড়ির সামনে কয়েকজন শিশু খেলাধুলা করছিল। খেলতে গিয়ে মাঝেমধ্যে তাদের বল শিক্ষকের বাড়ির ভেতরে পড়ে যেত। এই কারণেই নাকি শিক্ষক আগেই ওই মাঠে খেলতে মানা করেছিলেন।
স্থানীয়দের দাবি, নিষেধাজ্ঞা সত্ত্বেও শিশুরা ওই মাঠেই খেলতে থাকলে ক্ষুব্ধ হয়ে তাদের উদ্দেশ্যে পাখি মারা বন্দুক দিয়ে চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালান সমীরবাবু। বাচ্চারা ছুটে পালানোর চেষ্টা করলে এক শিশুর হাতে গুলি লাগে।
আহত শিশুকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে Jangipur Subdivisional Hospital-এ নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে চিকিৎসাধীন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিযুক্ত শিক্ষককে তার বাড়ি থেকে আটক করা হয় এবং একটি বন্দুক উদ্ধার করা হয়েছে। বন্দুকটি কী ধরনের, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এটি একটি অত্যাধুনিক এয়ারগান হতে পারে।
ধৃত শিক্ষকের দাবি, ভয় দেখানোর উদ্দেশ্যেই গুলি চালিয়েছিলেন তিনি। তবে ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে।

