Reported by Masud Rana
ডোমকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেফতার হলেন এক তৃণমূল নেতা। অভিযুক্ত শরিফুল ইসলামকে রবিবার আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ।
অভিযোগ, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের টাকা বিভিন্ন সময়ে তাঁর অ্যাকাউন্টে জমা পড়ত। শুক্রবার অভিযোগ দায়ের হওয়ার পর শনিবার তাঁকে গ্রেফতার করা হয়। রবিবার আদালতে পেশ করে জেলা জেলে পাঠানোর পাশাপাশি সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় শুধুমাত্র শরিফুল ইসলাম নন, আরও কয়েকজনের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে একাধিক ব্যক্তিকে নজরদারিতে রাখা হয়েছে এবং আর্থিক লেনদেনের নথি খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে ডোমকল জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। বিরোধীদের দাবি, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। যদিও শাসকদলের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তদন্ত এগোলে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে প্রশাসন।

