Reported By:- Binoy Roy
মালদার কালিয়াচকের মোথাবাড়িতে সাম্প্রতিক অশান্তির ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক বৈঠক করলেন কংগ্রেস নেতা Adhir Ranjan Chowdhury।
অভিযোগ, নাম বাদ পড়াকে কেন্দ্র করে মোথাবাড়ি এলাকায় বেনজির তাণ্ডবের সৃষ্টি হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, জুডিশিয়াল অফিসারদের গাড়িতে ইটবৃষ্টি করা হয়। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে কড়া অবস্থান নেয় আদালত। Supreme Court of India এই ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দেয়। পাশাপাশি রাজ্যের মুখ্যসচিব, ডিজিপি, জেলা শাসক ও পুলিশ সুপারকে শোকজ নোটিস পাঠানো হয়েছে।
শুনানির সময় প্রধান বিচারপতি অ্যাডভোকেট জেনারেল Kishore Dutta-কে উদ্দেশ্য করে মন্তব্য করেন, “সব থেকে দুর্ভাগ্যজনক হল আপনার রাজ্যে সব কিছু নিয়ে রাজনীতি হয়, এমনকি আদালতের নির্দেশ মানার ক্ষেত্রেও।”
বিচারপতি Joymalya Bagchi এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করে বলেন, “গতকাল বিকেল ৫টা থেকে অফিসারদের আটকে রাখা হয়েছিল। মহিলা অফিসারদেরও আটকানো হয়, তাঁদের জল-খাবার পর্যন্ত দেওয়া হয়নি, এমনকি তাঁদের ছোট সন্তানরাও কাঁদছিল।”
তিনি আরও বলেন, “এই ধরনের ঘটনার নিন্দা দলমত নির্বিশেষে সব রাজনৈতিক নেতাদের করা উচিত।”
এদিকে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, সভামঞ্চ থেকে উস্কানিমূলক বক্তব্য রাখা হচ্ছে। আগামীকাল মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী Mamata Banerjee কী মন্তব্য করেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
সব মিলিয়ে, মোথাবাড়ির এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র চাপানউতোর শুরু হয়েছে এবং প্রশাসনিক ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে।

