জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করলেন রাজ্য বিজেপির মিডিয়া কো-ইনচার্জ কেয়া ঘোষ।
সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, ভোটার তালিকার SIR (Special Intensive Revision) প্রক্রিয়ায় চরম অসঙ্গতি দেখা যাচ্ছে। সীমান্তবর্তী এলাকায় তুলনামূলকভাবে কম ভোটারের নাম বাদ পড়লেও শহরাঞ্চলে অনেক বেশি নাম বাদ যাচ্ছে, যা পরিকল্পিত বলেই মনে করছে বিজেপি।
হুমায়ুন কবির প্রসঙ্গে কেয়া ঘোষ জানান, আগামী ২২ তারিখে হুমায়ুন কবির নতুন রাজনৈতিক দল গঠন করতে চলেছেন। একই দিনে বহরমপুরে সভা করার অনুমতি না পাওয়ায় রাজ্যের প্রশাসনিক নিরপেক্ষতা ও গণতান্ত্রিক পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।
এছাড়াও মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ সংক্রান্ত অভিযোগ নিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন তিনি। তাঁর দাবি, সংবেদনশীল বিষয়কে ঘিরে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা চলছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
এই সব ইস্যুকে সামনে রেখে বিজেপি জানিয়েছে, তারা রাজ্য জুড়ে আন্দোলনের পথে যেতে পারে। সাংবাদিক বৈঠকের পর রাজ্য রাজনীতিতে এই বক্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে।

