Reported BY:-
গোটা রাজ্যের মতোই খড়দহের বন্দীপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে ১৪ থেকে ১৫ বছর বয়সি কিশোরীদের সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে বিশেষ টিকাকরণ কর্মসূচি জোরকদমে চলছে। কেন্দ্র ও রাজ্য সরকারের স্বাস্থ্য কর্মসূচির আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে, যার লক্ষ্য ভবিষ্যতে মহিলাদের মধ্যে সার্ভাইক্যাল ক্যান্সারের ঝুঁকি কমানো।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে মহিলাদের মধ্যে সার্ভাইক্যাল ক্যান্সারের প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। সেই কারণে ব্লক মেডিক্যাল অফিসার অব হেলথ (BMOH)-এর তত্ত্বাবধানে বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল, স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালগুলিতে বিশেষ শিবিরের মাধ্যমে যোগ্য ছাত্রীদের টিকা প্রদান করা হচ্ছে।
এই কর্মসূচিতে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। তাঁরা টিকাকরণের পাশাপাশি অভিভাবক ও ছাত্রীদের মধ্যে সচেতনতা বাড়ানোর কাজও করছেন, যাতে টিকা সম্পর্কে কোনও ভ্রান্ত ধারণা না থাকে।
এ প্রসঙ্গে চিকিৎসক ডা. সঞ্জিতা দাস জানান, সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে সময়মতো টিকাকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত বয়সে এই টিকা নেওয়া হলে ভবিষ্যতে এই রোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
অন্যদিকে, এক বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জীতা ভট্টাচার্য বলেন, বিদ্যালয়ে এই ধরনের স্বাস্থ্য উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এর মাধ্যমে ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি অভিভাবকদের মধ্যেও সচেতনতা বৃদ্ধি পাচ্ছে।
টিকাকরণে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরাও। তাঁদের মতে, সরকার ও স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

