“চোর জেলা পরিষদের অংশীদার হতে পারি না” | ইস্তফা তৃণমূল জেলা পরিষদ সদস্য শাহনাজ বেগমের

“চোর জেলা পরিষদের অংশীদার হতে পারি না” | ইস্তফা তৃণমূল জেলা পরিষদ সদস্য শাহনাজ বেগমের

Reported By:- Binoy Roy

মুর্শিদাবাদের জেলা রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ সদস্য শাহনাজ বেগমের পদত্যাগকে ঘিরে। সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে তিনি ঘোষণা করেন, জেলা পরিষদের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।

শাহনাজ বেগম তাঁর পোস্টে লেখেন, “চোর জেলা পরিষদের একজন অংশীদার হয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তাই আপনাদের দেওয়া টার্ম পূর্ণ হওয়ার আগেই আমি সদস্য পদ ত্যাগ করতে বাধ্য হলাম।”

তিনি জানান, ১৭ ডিসেম্বর তিনি সম্মানীয় ডিভিশনাল কমিশনারের কাছে মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য পদ থেকে ইস্তফাপত্র পাঠিয়েছেন। সোমপাড়া-১, সোমপাড়া-২, রামপাড়া-১ ও রামনগর বাছড়া অঞ্চল থেকে ২০১৩ সাল থেকে পরপর তিনবার নির্বাচিত হয়েছিলেন তিনি। এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, দল-মত, জাতি-ধর্ম নির্বিশেষে তাঁরা সবসময় তাঁর পাশে ছিলেন।

শাহনাজ বেগমের দাবি, জেলা পরিষদের অনিয়ম ও বেনিয়ম নিয়ে একাধিকবার দলীয় নেতৃত্ব ও প্রশাসনকে অবগত করেছেন। এমনকি লিখিতভাবে মুখ্যমন্ত্রীর দপ্তরেও বিষয়টি জানিয়েছেন। তবে তাঁর আশঙ্কা, সেই অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত পৌঁছায়নি।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৩ সালের ১৬ আগস্ট তিনি জেলা মহিলা সভানেত্রীর পদ থেকেও পদত্যাগ করেছিলেন। এক সময় তিনি জেলা পরিষদের সহকারী সভাধিপতি ছিলেন এবং কংগ্রেসের হাত থেকে জেলা পরিষদ দখলের সময় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।

মুখ্যমন্ত্রীর জেলা সফরের সময়ও সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন শাহনাজ বেগম। তাঁর এই পদত্যাগ তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে নতুন করে প্রশ্ন ও অস্বস্তি তৈরি করেছে বলে রাজনৈতিক মহলের ধারণা।

Leave a Reply

Translate »