তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান শাহনাজ বেগমের !

তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান শাহনাজ বেগমের !

মুর্শিদাবাদের রাজনীতিতে বড়সড় চাঞ্চল্য সৃষ্টি করলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা পরিষদ সদস্য শাহনাজ বেগম। তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদানের ঘোষণা করার পাশাপাশি জেলা পরিষদের সদস্য পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার শাহনাজ বেগম জানান, তিনি গত ১৭ ডিসেম্বর সম্মানীয় ডিভিশনাল কমিশনারের কাছে মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফাপত্র পাঠিয়েছেন। ২০১৩ সাল থেকে সোমপাড়া-১, সোমপাড়া-২, রামপাড়া-১ এবং রামনগর বাছড়া অঞ্চল থেকে টানা তিনবার জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি।

ইস্তফার পর সোশ্যাল মিডিয়ায় একটি বিস্ফোরক পোস্ট করেন শাহনাজ বেগম। সেখানে তিনি লেখেন—
👉 “চোর জেলা পরিষদের একজন অংশীদার হয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়।”

নিজের পোস্টে তিনি এলাকার সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দল-মত, জাতি ও ধর্ম নির্বিশেষে দীর্ঘদিন ধরে যে আশীর্বাদ ও সমর্থন পেয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা জানান।

শাহনাজ বেগম আরও দাবি করেন, মুর্শিদাবাদ জেলা পরিষদের একাধিক অনিয়ম ও দুর্নীতির বিষয় তিনি বারবার দলীয় নেতৃত্ব এবং প্রশাসনের নজরে এনেছেন। এমনকি মুখ্যমন্ত্রীর দপ্তরেও লিখিত অভিযোগ পাঠানো হয়েছিল বলে জানান তিনি। তবে তাঁর আশঙ্কা, সেই অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়নি।

তাঁর এই ইস্তফা ও দলবদলের ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আসন্ন রাজনৈতিক সমীকরণে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Translate »