বহরমপুরে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী | মোদী, মতুয়া, বাংলাদেশ ও বাংলার শিল্প নিয়ে তীব্র আক্রমণ

বহরমপুরে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী | মোদী, মতুয়া, বাংলাদেশ ও বাংলার শিল্প নিয়ে তীব্র আক্রমণ

বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে একাধিক ইস্যুতে কেন্দ্র ও বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলা সফর ঘিরে সাম্প্রতিক নানা রাজনৈতিক বিষয় নিয়ে তিনি সরব হন।

প্রথমেই বাংলায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলা ভাষায় ট্যুইট করা নিয়ে কটাক্ষ করেন অধীর চৌধুরী। তাঁর বক্তব্য, ভোটের সময় বাংলার প্রতি আকস্মিক ভালোবাসা বিজেপির রাজনৈতিক কৌশলেরই অংশ।

মতুয়া গড়ে প্রধানমন্ত্রীর সভা প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী বলেন, যে মতুয়া সমাজ বিজেপিকে দু’হাত ভরে আশীর্বাদ করেছিল, আজ সেই সমাজ ভোটাধিকার হারানোর আশঙ্কায় রয়েছে। প্রধানমন্ত্রী কি এই সভা থেকে মতুয়া সমাজকে স্পষ্টভাবে আশ্বস্ত করতে পারবেন—সেই প্রশ্ন তোলেন তিনি।

এছাড়াও বিহারের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এক মহিলা ডাক্তারের হিজাব ধরে টানার অভিযোগ প্রসঙ্গ তুলে বিজেপিকে আক্রমণ করেন অধীর। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ওই মহিলা ডাক্তারকে ঝাড়খণ্ডে সরকারি চাকরি, কোয়ার্টার, নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার ঘোষণা করেছেন। এই দুই ঘটনার তুলনা টেনে বিজেপির দ্বিচারিতা তুলে ধরেন তিনি।

সাংবাদিক বৈঠকে উত্তাল বাংলাদেশ পরিস্থিতি নিয়েও কেন্দ্র সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অধীর রঞ্জন চৌধুরী। তাঁর দাবি, প্রতিবেশী দেশের অস্থিরতা ভারতের কূটনৈতিক দায়িত্বের বিষয়, অথচ কেন্দ্র সেই দায়িত্ব ঠিকভাবে পালন করছে না।

এদিন প্রধানমন্ত্রী মোদীর সভায় বাংলার শিল্প নিয়ে বক্তব্য রাখার প্রসঙ্গেও অধীর রঞ্জন চৌধুরী কটাক্ষ করেন। তিনি বলেন, বাংলার শিল্প নিয়ে বিজেপির বক্তব্য ও বাস্তবতার মধ্যে বিস্তর ফারাক রয়েছে।

এছাড়াও কুয়াশার কারণে নদিয়ার সভায় প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে না পারা নিয়েও মন্তব্য করেন অধীর চৌধুরী। সব মিলিয়ে বহরমপুরের এই সাংবাদিক বৈঠক রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

Leave a Reply

Translate »