Reported By:- Manoj Das
পড়ুয়াদের মধ্যে বিজ্ঞানচর্চা ও গবেষণার প্রতি আগ্রহ বাড়াতে এবং সৃজনশীলতাকে আরও উন্মুক্ত করতে বিশেষ উদ্যোগ নিল নিমতা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের শিক্ষকদের তত্ত্বাবধানে দু’দিনব্যাপী আয়োজিত হলো ডিজিটাল উইংস অ্যান্ড ইনোভেশন ফেস্ট ২০২৫। এই অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব দেওয়া হয় শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রছাত্রীদের অংশগ্রহণে।
যেসব পড়ুয়া স্বাভাবিকভাবে চলাফেরা বা হাত-পা নাড়াতে অক্ষম, তারাও নিজেদের অক্ষমতাকে পিছনে ফেলে বিভিন্ন ব্যবহারযোগ্য ও সৃজনশীল কারুকার্য তৈরি করে প্রদর্শন করে। ঘর সাজানোর শৌখিন সামগ্রী থেকে শুরু করে বিজ্ঞানের নানা বিকল্প ও আধুনিক মডেল—সব মিলিয়ে প্রদর্শনীতে তাক লাগান পড়ুয়ারা।
নিমতা হাইস্কুলের প্রধান শিক্ষক কল্যাণ আশিষ দাসের তত্ত্বাবধানে এই ফেস্টে মোট আটটি স্কুলের ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। প্রথম দিনে বিজ্ঞান ও কলা বিষয়ক মডেল এক্সপোর পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের নিয়ে হাতে-কলমে সৃজনশীল কর্মশালার আয়োজন করা হয়। বিভিন্ন শ্রেণীর পড়ুয়ারা তাদের চিন্তা-ভাবনায় বিজ্ঞাননির্ভর ও উদ্ভাবনী কৌশল তুলে ধরে উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।
দ্বিতীয় দিনে ছিল আর্থিক সাক্ষরতা, টেকসই আয়ের মডেল এবং ডিজিটাল সাক্ষরতা নিয়ে বিশেষ পর্যালোচনা ও আলোচনা। এই পর্বগুলি পড়ুয়াদের ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে মত শিক্ষকদের।
ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মা সারদা বিদ্যাপীঠের মহারাজ গৌরব মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন সাব ইন্সপেক্টর অফ স্কুল অরুণিমা চক্রবর্তী, পার্শ্ববর্তী বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ ও বহু স্কুলের ছাত্রছাত্রী।
বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, স্কুলস্তর থেকেই বিজ্ঞানচর্চার প্রতি আগ্রহ কমে যাচ্ছে। সেই প্রবণতা রুখতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইংরেজির পাশাপাশি অন্যান্য ভাষাতেও গবেষণার সুযোগ বাড়ানোর বিষয়েও বিশেষভাবে উদ্যোগী হয়েছে নিমতা উচ্চ বিদ্যালয়। ভবিষ্যতে এই ধরনের আরও শিক্ষামূলক অনুষ্ঠানের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন স্কুল কর্তৃপক্ষ।

