প্রধানমন্ত্রীর সভায় বাধা? রেজিনগর–বেলডাঙায় বিজেপি কর্মীদের পথ আটকাচ্ছে পুলিশ

প্রধানমন্ত্রীর সভায় বাধা? রেজিনগর–বেলডাঙায় বিজেপি কর্মীদের পথ আটকাচ্ছে পুলিশ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলাজুড়ে চরম উত্তেজনা ছড়িয়েছে। রেজিনগর ও বেলডাঙা এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের সভাস্থলে যাওয়ার পথে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। দলের দাবি, রাজ্য পুলিশ পরিকল্পিতভাবে রাস্তা অবরোধ করে কর্মীদের আটকাচ্ছে।

শনিবার সকাল থেকেই রেজিনগর, ভাবতা ও বেলডাঙার মতো স্পর্শকাতর এলাকায় পুলিশি ব্যারিকেড বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। বিজেপি নেতৃত্বের অভিযোগ, মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কর্মী-সমর্থক বাস ও ছোট গাড়িতে করে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে রওনা দিয়েছিলেন। কিন্তু মাঝপথেই পুলিশ তাঁদের গাড়ি আটকে দেয়।

মুর্শিদাবাদ জেলা বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল কংগ্রেসের নির্দেশেই পুলিশ এই ভূমিকা পালন করছে। মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করে যাতে কেউ প্রধানমন্ত্রীর সভায় পৌঁছাতে না পারে, সেই উদ্দেশ্যেই রেজিনগর ও ভাবতা এলাকায় পরিকল্পনামাফিক রাস্তা অবরোধ করা হয়েছে বলে অভিযোগ।

বিজেপির তরফে আরও বলা হয়েছে, গণতান্ত্রিক পদ্ধতিতে যে কোনও রাজনৈতিক সভায় যোগ দেওয়ার অধিকার সকল নাগরিকের রয়েছে। অথচ পুলিশের বর্তমান ভূমিকা সেই অধিকার লঙ্ঘন করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে রাজনৈতিক পক্ষপাতিত্ব করা হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির, অন্যদিকে রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Translate »