Reported By:- Manoj Das
নোয়াপাড়ার বিধায়ক তথা ব্যারাকপুরের পরিচিত রাজনৈতিক মুখ অর্জুন সিং এবার রাজ্যের মন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিধায়ক, সাংসদসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করলেও এই প্রথম রাজ্যের মন্ত্রিসভায় স্থান পেলেন তিনি। নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে লোকভবনে শপথ গ্রহণ করেন অর্জুন সিং।
অর্জুন সিংয়ের মন্ত্রীত্বের খবর প্রকাশ্যে আসতেই নোয়াপাড়া বিধানসভা এলাকাজুড়ে শুরু হয় উৎসবের আবহ। বিশেষ করে গারুলিয়া, নোয়াপাড়া এবং সংলগ্ন এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। বিভিন্ন জায়গায় লাড্ডু বিতরণ, আতশবাজি ফাটানো এবং একে অপরকে মিষ্টিমুখ করানোর ছবি ধরা পড়ে।
গারুলিয়ায় অর্জুন সিংয়ের বোনের বাড়িতেও সকাল থেকেই ছিল উৎসবের পরিবেশ। পরিবারের সদস্যরা মিষ্টি বিতরণ করে আনন্দ ভাগ করে নেন। প্রাক্তন বিধায়ক সুনীল সিং এবং যুবনেতা আদিত্য সিং সংবাদমাধ্যমকে জানান, পরিবারের একজন সদস্য মন্ত্রী হওয়ায় স্বাভাবিকভাবেই তারা গর্বিত ও আনন্দিত।
তাদের বক্তব্য, “এটি শুধু আমাদের পরিবারের জন্য নয়, গোটা নোয়াপাড়া বিধানসভার মানুষের জন্যও গর্বের বিষয়। অর্জুন সিং দীর্ঘদিন ধরে মানুষের জন্য লড়াই করেছেন। সেই রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি আজ তিনি পেয়েছেন।”
তারা আরও বলেন, “এখন তাঁর দায়িত্ব আরও বেড়ে গেল। পরিবারের সদস্য হিসেবে আমরা হয়তো তাঁকে আগের মতো সময় পাব না, কারণ এখন তিনি সমগ্র রাজ্যের মানুষের সেবার কাজে নিজেকে নিয়োজিত করবেন।”
রাজনৈতিক মহলের একাংশের মতে, ব্যারাকপুর শিল্পাঞ্চল ও নোয়াপাড়া এলাকার দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব এবং সংগঠন গঠনে অর্জুন সিংয়ের ভূমিকার ফলস্বরূপ এই দায়িত্ব তাঁর হাতে এসেছে। ফলে এলাকার উন্নয়ন এবং বিভিন্ন জনমুখী প্রকল্প বাস্তবায়নে নতুন গতি আসবে বলেও আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর অর্জুন সিংকে ঘিরে যে উচ্ছ্বাস তৈরি হয়েছে, তা স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে নোয়াপাড়া এবং ব্যারাকপুর অঞ্চলে তাঁর জনপ্রিয়তা এখনও যথেষ্ট শক্তিশালী।

