Reported By:- Binoy Roy
বহরমপুরে এক সাংবাদিক বৈঠকে বিভিন্ন সাম্প্রতিক ঘটনা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি একদিকে NIA তদন্তের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন, অন্যদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারের জবাবদিহি দাবি করেন।
অধীর চৌধুরী বলেন, কোনো ঘটনা যদি সত্যিই দেশবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়, তবে সরকার অবশ্যই তা তদন্ত করবে। তবে তিনি দাবি করেন, একটি পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে সাধারণ মানুষকে পরিকল্পিতভাবে উত্তেজিত করা হয়েছিল এবং সেই ঘটনার তদন্তে NIA-কে যুক্ত করা অতিরিক্ত পদক্ষেপ ছিল।
তাঁর বক্তব্য, “অনেক নিরপরাধ মানুষ NIA তদন্তের জেরে অযথা গ্রেফতারের মুখে পড়েছেন। আমার মনে হয়েছে, সাধারণ পুলিশের তদন্তেই বিষয়টির সমাধান সম্ভব ছিল। সেখানে NIA-কে আনা মানে মশা মারতে কামান দাগার মতো ঘটনা।”
এছাড়াও তিনি দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক ও চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অধীর চৌধুরী বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে এখন সরকার তৎপর হলেও বহু বছর ধরে এই ধরনের ঘটনার ফলে লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।
তিনি প্রশ্ন তোলেন, “যে প্রশ্নপত্র ফাঁসের কারণে এত সংখ্যক ছাত্র-ছাত্রীর জীবন ও ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়েছে, তার দায় কে নেবে? একটি সরকারের জবাবদিহি থাকা উচিত। কিন্তু আজও সেই দায়িত্ব স্বীকার করার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।”
অধীর চৌধুরী আরও বলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছ থেকে বিরোধীরা জবাব চেয়েছিল এবং পদত্যাগের দাবিও তুলেছিল। তাঁর মতে, স্বেচ্ছায় দায়িত্ব নিয়ে পদত্যাগ করলে সেটি গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে ইতিবাচক বার্তা দিত।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে হয়তো কয়েকজন সরকারি আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু মূল সমস্যার সমাধান ও প্রকৃত দায় নির্ধারণের বিষয়টি আড়ালেই থেকে যাবে। ছাত্র-ছাত্রীদের স্বার্থে প্রশ্নপত্র ফাঁস রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দায়িত্ব নির্ধারণের দাবি জানান তিনি।

