অস্ত্র হাতে রামনবমীর মিছিল বহরমপুরে, পুলিশের সামনেই দাপাদাপি

অস্ত্র হাতে রামনবমীর মিছিল বহরমপুরে, পুলিশের সামনেই দাপাদাপি

Reported By Binoy Roy

বহরমপুর | ২৭ মার্চ ২০২৬

প্রশাসনের কড়া নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অস্ত্র হাতে রামনবমীর মিছিল ঘিরে উত্তেজনা ছড়াল বহরমপুরে। পুলিশের নজরদারি থাকা সত্ত্বেও তলোয়ার ও ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্যে মিছিলে অংশ নিতে দেখা গেল বহু যুবক ও কিশোরকে।

বুধবার বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে বহরমপুরে আয়োজিত রামনবমীর শোভাযাত্রা দুপুরে ওয়াইএমএ (YMA) ময়দান থেকে শুরু হয়। ঢাক-ঢোল, গেরুয়া পতাকা ও জয় শ্রীরাম ধ্বনিতে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিলটি। কয়েক হাজার মানুষের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে শহরের রাজপথ।

তবে মিছিল চলাকালীনই একাধিক যুবককে খোলা তলোয়ার ও অন্যান্য ধারালো অস্ত্র হাতে আস্ফালন করতে দেখা যায়। রাস্তার মোড়ে মোড়ে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। কিন্তু পুলিশের সামনেই অস্ত্র প্রদর্শন চললেও প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ চোখে পড়েনি বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনাকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে আয়োজকদের ভূমিকা নিয়েও। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগে থেকেই অংশগ্রহণকারীদের অস্ত্র না আনতে বলা হয়েছিল।

বাইট: সুখদেব বিশ্বাস, জেলা সম্পাদক, বিশ্ব হিন্দু পরিষদ
“আমরা বারবার বারণ করেছি যাতে কেউ অস্ত্র না আনে। তবুও কিছু মানুষ নিজেরা অস্ত্র নিয়ে মিছিলে অংশ নিয়েছেন।”

 

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। এখন দেখার বিষয় প্রশাসন এই ঘটনার পর কী পদক্ষেপ নেয়।

Leave a Reply

Translate »