এম. জাকারিয়া, করণদিঘী:


আন-এডেড মাদ্রাসার বিভিন্ন সমস্যা ও শিক্ষক-শিক্ষিকাদের দাবিদাওয়া নিয়ে উত্তর দিনাজপুর জেলার করণদিঘীতে অনুষ্ঠিত হল সাংগঠনিক আলোচনা সভা। মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে করণদিঘী ব্লকের দোমোহনায় অবস্থিত রহাটপুর হাই মাদ্রাসা প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।
সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত হয়ে আন-এডেড মাদ্রাসাগুলির বর্তমান পরিস্থিতি এবং তাঁদের বিভিন্ন সমস্যার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনায় জানানো হয়, রাজ্যে বর্তমানে মোট ২৩৫টি আন-এডেড মাদ্রাসা রয়েছে। এর মধ্যে উত্তর দিনাজপুর জেলায় রয়েছে ৪৪টি আন-এডেড মাদ্রাসা। যার মধ্যে ১৬টি Senior Madrasah, ১টি High Madrasah এবং ২৭টি Junior High Madrasah রয়েছে।
বিশেষ করে শিক্ষক-শিক্ষিকাদের Honorarium-সহ বিভিন্ন সমস্যা, পরিষেবা সংক্রান্ত বিষয় এবং তাঁদের দীর্ঘদিনের দাবিদাওয়া সরকারের কাছে তুলে ধরার বিষয়টি সভায় গুরুত্ব সহকারে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সহ-সভাপতি ইজাবুল আনোয়ার, রায়গঞ্জের শিক্ষিকা লিভা পারভিন, কালিয়াগঞ্জের রশিদ আলম, শিক্ষক হাসিম উদ্দিন, আজাদ আলী-সহ সংগঠনের অন্যান্য সদস্য এবং শিক্ষক-শিক্ষিকারা।
আলোচনায় সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি আন-এডেড মাদ্রাসার শিক্ষক ও কর্মীদের বিভিন্ন সমস্যা সমাধানে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

