Reported by: Binoy Roy
বহরমপুর: সমাজসেবামূলক বিভিন্ন কাজের পাশাপাশি এ বার রক্তদানের মতো জনকল্যাণমূলক কর্মসূচিতেও উদ্যোগী হল শ্রী রাম সেনা। রবিবার বহরমপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে সংগঠনের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
এ দিনের এই বিশেষ রক্তদান শিবিরের শুভ সূচনা করেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। পাশাপাশি কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ও সংগঠনের সদস্যরা।
সংগঠন সূত্রে জানা গিয়েছে, এর আগে এলাকায় বিভিন্ন ধরনের সমাজসেবামূলক ও জনকল্যাণমূলক কাজ চালিয়ে এলেও শ্রী রাম সেনার পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন এই প্রথম। হাসপাতালের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সংকট কিছুটা মেটানো এবং মুমূর্ষু রোগীদের প্রয়োজনে পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
শ্রী রাম সেনার এক সদস্য বলেন, “আমরা সামাজিক নানা দায়িত্ব পালন করে থাকি। তবে রক্তদান শিবিরের উদ্যোগ এই প্রথম বার নেওয়া হল। আজকের এই শিবিরে প্রায় ৫০ জন ইচ্ছুক রক্তদাতা রক্তদান করবেন বলে আমরা আশা করছি।”
সংগঠনের তরফে জানানো হয়েছে, আগামী দিনেও মানুষের পাশে দাঁড়াতে এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখা হবে।

