কামারহাটির তৃণমূল কাউন্সিলর মনোজ সাউয়ের বিরুদ্ধে মেগা জালিয়াতির অভিযোগ!

কামারহাটির তৃণমূল কাউন্সিলর মনোজ সাউয়ের বিরুদ্ধে মেগা জালিয়াতির অভিযোগ!

Reported By:- Manoj Das

কামারহাটি পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মনোজ সাউকে ঘিরে ফের উঠল একাধিক গুরুতর অভিযোগ। বিধানসভা নির্বাচনের আগেই তাঁর বিরুদ্ধে বন্ধ মোহিনী মিল কারখানার জমি দখল করে দোকান বিক্রির অভিযোগ উঠেছিল। এবার নতুন করে অভিযোগ উঠেছে কাজ করিয়ে টাকা না দেওয়া, ফান্ডের টাকা আটকে রাখা এবং প্রতারণার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজু সাহা নামে এক ইলেকট্রিক মিস্ত্রি দীর্ঘ ১০ থেকে ১২ বছর ধরে মনোজ সাউয়ের বিভিন্ন প্রোমোটিং প্রকল্পে ইলেকট্রিক ও ওয়্যারিংয়ের কাজ করতেন। অভিযোগ, তাঁর প্রায় ১৩ লক্ষ টাকা দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে। রাজুর দাবি, টাকা মেটানোর জন্য মনোজ সাউ তাঁকে মোট ১০টি চেক দিয়েছিলেন, কিন্তু সবকটি চেকই বাউন্স করে।

রাজু সাহা জানান, “বহু বছর ধরে কাজ করেছি। বারবার টাকা চাইতে গেলে শুধু আশ্বাস দেওয়া হয়েছে। শেষমেশ চেক দিলেও সব চেক বাউন্স করেছে। এখন আমি চরম আর্থিক সংকটে।”

অন্যদিকে ঘোলা রোড এলাকার এক মাছ ব্যবসায়ীও গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, দোকান দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে টাকা নেওয়া হলেও পরে তাঁকে দোকান দেওয়া হয়নি। বরং সেই জায়গার দোকান অন্য কাউকে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ওই ব্যবসায়ীর বক্তব্য, “আমার কষ্টের টাকা নিয়ে প্রতারণা করা হয়েছে। এখন হয় দোকান চাই, না হলে টাকা ফেরত চাই।”

এছাড়াও অভিযোগ উঠেছে, ঘোলা রোড অঞ্চলে একটি ফান্ড চালানো হত, যেখানে বহু সাধারণ মানুষ টাকা জমা রাখতেন। সেই ফান্ডের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁদের টাকাও ফেরত দেওয়া হয়নি। টাকা চাইতে গেলে ভয় দেখানো হত বলেও অভিযোগ করেছেন কয়েকজন সদস্য।

রাজনৈতিক পরিবর্তনের পর এবার এলাকার মানুষ মুখ খুলতে শুরু করেছেন বলে দাবি স্থানীয়দের একাংশের। তাঁদের বক্তব্য, “এতদিন প্রভাবশালী রাজনৈতিক নেতা হওয়ার কারণে কেউ প্রতিবাদ করতে সাহস পেত না। এখন মানুষ সামনে এসে অভিযোগ জানাচ্ছেন।”

ইতিমধ্যেই রাজু সাহা, মাছ ব্যবসায়ী সহ একাধিক অভিযোগকারী বেলঘড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁরা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও টাকা ফেরতের দাবি জানিয়েছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে কামারহাটি এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। এখন দেখার, অভিযোগের ভিত্তিতে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে এবং ক্ষতিগ্রস্তরা আদৌ তাঁদের পাওনা ফেরত পান কিনা।

Leave a Reply

Translate »