বহরমপুরে টিএমসিপি-তে মেগা ধস ! ঘাসফুল ছেড়ে ‘হাত’ শিবিরে ৭০ জন কলেজ পড়ুয়া!

বহরমপুরে টিএমসিপি-তে মেগা ধস ! ঘাসফুল ছেড়ে ‘হাত’ শিবিরে ৭০ জন কলেজ পড়ুয়া!

Reported By:- Binoy Roy

মুর্শিদাবাদের বহরমপুরে তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)-এ বড়সড় ভাঙনের ছবি সামনে এল। ঘাসফুল শিবির ছেড়ে একসাথে প্রায় ৭০ জন কলেজ পড়ুয়া যোগ দিলেন কংগ্রেসের ছাত্র সংগঠন ‘ছাত্র পরিষদ’-এ। এই ঘটনাকে ঘিরে জেলা রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, বহরমপুর কৃষ্ণনাথ কলেজের একাধিক ছাত্র-ছাত্রী শনিবার বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে ছাত্র পরিষদে যোগদান করেন। প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে তাঁরা কংগ্রেসের ছাত্র সংগঠনে নাম লেখান।

এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্র পরিষদের জেলা সভাপতি সৌফিক আলম, ছাত্র নেতা মেহরাজ সেখ সহ কংগ্রেসের একাধিক নেতৃত্ব। জেলা কংগ্রেস কার্যালয়ে এদিন উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায়।

নতুন যোগদানকারীদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে কলেজ ক্যাম্পাসে ছাত্রস্বার্থ উপেক্ষিত হচ্ছিল। প্রকৃত ছাত্র আন্দোলনের পরিবেশ ফিরিয়ে আনতেই তাঁরা ছাত্র পরিষদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের বক্তব্য, “কলেজে গণতান্ত্রিক পরিবেশ ও ছাত্রদের অধিকার রক্ষার লড়াইকে আরও শক্তিশালী করতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।”

অন্যদিকে, এই ঘটনাকে মুর্শিদাবাদে কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধির বড় ইঙ্গিত হিসেবে দেখছে রাজনৈতিক মহল। বিশেষ করে অধীর রঞ্জন চৌধুরীর উপস্থিতিতে একসঙ্গে এত সংখ্যক ছাত্রের যোগদান জেলা কংগ্রেস কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্র রাজনীতিতে এই দলবদল আগামী দিনে বহরমপুর ও মুর্শিদাবাদের সামগ্রিক রাজনৈতিক সমীকরণেও প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Translate »