Reported By:- Binoy Roy
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙনের দাবি। মঙ্গলবার বহরমপুরের জেলা কংগ্রেস কার্যালয়ে প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন প্রায় ২০০ জন মহিলা।
জানা গিয়েছে, রঘুনাথগঞ্জের তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি শান্তিয়ারা বিবির নেতৃত্বে ওই মহিলারা বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হন। সেখানেই অধীর রঞ্জন চৌধুরীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করেন তাঁরা।
একসঙ্গে এত সংখ্যক মহিলার দলবদলকে ঘিরে কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়। যোগদান কর্মসূচিকে কেন্দ্র করে জেলা কংগ্রেস কার্যালয়ে রাজনৈতিক আবহ তৈরি হয়।
কংগ্রেস নেতৃত্বের দাবি, রঘুনাথগঞ্জে এই যোগদানের ফলে দলের সাংগঠনিক শক্তি আরও বাড়বে। বিশেষ করে মহিলা সংগঠনকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও দাবি কংগ্রেসের।
অন্যদিকে, একসঙ্গে প্রায় ২০০ জন মহিলার তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার ঘটনাকে ঘিরে রঘুনাথগঞ্জের স্থানীয় রাজনীতিতেও নতুন সমীকরণের সম্ভাবনা তৈরি হয়েছে।
আগামী দিনে এই দলবদলের প্রভাব রঘুনাথগঞ্জের রাজনৈতিক সংগঠন ও ভোটের সমীকরণে কতটা পড়ে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

