Reported By:- Binoy Roy
রাজ্যে আনাজ ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই সক্রিয় প্রশাসন। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং কালোবাজারি রুখতে মঙ্গলবার মুর্শিদাবাদের বহরমপুরের ঐতিহ্যবাহী কাশিমবাজার সবজি ও মুদি মার্কেটে আচমকা যৌথ অভিযান চালায় প্রশাসন ও পুলিশ।
এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন বহরমপুরের মহকুমা শাসক সমীরণ বারিক এবং ডিএসপি ডিএনটি সুশান্ত রাজবংশী। তাঁদের সঙ্গে ছিলেন জেলা কৃষি বিপণন দফতর এবং মাপজোপ বিভাগের একাধিক পদস্থ আধিকারিক।
অভিযান চলাকালীন আধিকারিকরা বাজারের বিভিন্ন দোকান ঘুরে আলু, পেঁয়াজ-সহ অন্যান্য আনাজপাতি এবং মুদিখানার নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম খতিয়ে দেখেন। ব্যবসায়ীরা সরকারের নির্ধারিত দামের তুলনায় বেশি দামে পণ্য বিক্রি করছেন কি না, তা যাচাই করা হয়।
পাশাপাশি পণ্যের গুণগত মান, সঠিক ওজন এবং পরিমাপের ক্ষেত্রে কোনও কারচুপি হচ্ছে কি না, তাও পরীক্ষা করেন প্রশাসনের আধিকারিকরা। বেশ কয়েকটি দোকানে ব্যবহৃত বাটখারা ও ওয়েইং মেশিন খতিয়ে দেখে সঠিক ওজন নিশ্চিত করার চেষ্টা করা হয়।
হঠাৎ প্রশাসনিক অভিযান ঘিরে বাজারে চাঞ্চল্য ছড়ায়। সাধারণ মানুষের স্বার্থে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখা এবং কালোবাজারি রুখতেই এই অভিযান বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
মূল্যবৃদ্ধির বাজারে প্রশাসনের এই নজরদারি আগামী দিনে কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের।

