সাংবাদিক বৈঠকে একাধিক ইস্যুতে সরব অধীর রঞ্জন চৌধুরী, ট্রাইব্যুনাল, চাকরি মামলা, অভিষেকের FIR ও মূল্যবৃদ্ধি নিয়ে তোপ

সাংবাদিক বৈঠকে একাধিক ইস্যুতে সরব অধীর রঞ্জন চৌধুরী, ট্রাইব্যুনাল, চাকরি মামলা, অভিষেকের FIR ও মূল্যবৃদ্ধি নিয়ে তোপ

Reported By:- Binoy Roy

সাংবাদিক বৈঠক করে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজ্য ও কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেসের প্রবীণ নেতা অধীর রঞ্জন চৌধুরী। সরকারি সুবিধা থেকে বঞ্চিত হওয়া মানুষ, ট্রাইব্যুনালে দীর্ঘদিন ধরে বিচারাধীন মামলা, ২৬ হাজার চাকরি বাতিল মামলা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR-সহ একাধিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন তিনি।

অধীর চৌধুরীর দাবি, ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন থাকার কারণে লক্ষ লক্ষ মানুষ সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁর অভিযোগ, শুধু মামলা বিচারাধীন থাকাই নয়, ট্রাইব্যুনালে বিচারপ্রক্রিয়াও অত্যন্ত ধীরগতিতে চলছে। ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা মানুষ কবে তাঁদের সমস্যার সমাধান পাবেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

এদিকে সামসেরগঞ্জে কংগ্রেসের যোগদান কর্মসূচি নিয়েও নতুন করে রাজনৈতিক চাপ তৈরি হয়েছে বলে দাবি করা হচ্ছে। রবিবার সামসেরগঞ্জে অনুষ্ঠিত যোগদান কর্মসূচি স্থগিত রাখার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের তরফে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কংগ্রেসের পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা প্রকাশ যোশীর তরফে এই নির্দেশিকা দেওয়া হয়েছে বলে দাবি। ধুলিয়ান হিংসায় উস্কানির অভিযোগ ওঠা এক পুরসভার চেয়ারম্যানের যোগদানকে ঘিরেই এই সিদ্ধান্ত বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

অন্যদিকে, ২৬ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে নতুন করে দায়ের হওয়া অন্তর্বর্তীকালীন আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত আগের সিদ্ধান্ত অর্থাৎ চাকরির মেয়াদ বহাল থাকবে—প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণকে ঘিরেও রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে।

এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক FIR নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার প্রসঙ্গ উঠে আসে সাংবাদিক বৈঠকে। একাধিক FIR-এর বিরুদ্ধে আদালতে আবেদন করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত কোনও পদক্ষেপ না নেওয়ার বিষয়টিও সামনে এসেছে। এর ফলে বিদেশ সফরের ক্ষেত্রেও তাঁর আর কোনও বাধা থাকছে না বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

NCPI-এর ২০ জনকে ঘিরে নির্বাচন ও সাংসদ পদ সংক্রান্ত বিতর্ক নিয়েও কড়া মন্তব্য করেন অধীর চৌধুরী। তাঁর বক্তব্য, সুপ্রিম কোর্ট যদি ওই সদস্যদের পদ ছেড়ে পুনরায় নির্বাচনে লড়ার নির্দেশ দেয়, তাহলে তিনি সেটিকে স্বাগত জানাবেন।

অন্যদিকে, মূল্যবৃদ্ধি নিয়েও রাজ্যজুড়ে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বিভিন্ন জেলায় ইবি-র অভিযান ও নজরদারি শুরু হয়েছে বলে দাবি করা হয়েছে। বাজারদর নিয়ন্ত্রণে প্রশাসনের পদক্ষেপ কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর।

সাংবাদিক বৈঠকে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ৩১ আগস্টের মৃত্যুদিন প্রসঙ্গেও স্মৃতিচারণ করেন অধীর রঞ্জন চৌধুরী। তাঁর রাজনৈতিক জীবন, দীর্ঘ জনজীবন এবং দেশের রাজনীতিতে তাঁর ভূমিকা নিয়ে স্মৃতিচারণ করা হয়।

একই সাংবাদিক বৈঠকে একাধিক ইস্যু সামনে আসায় রাজ্যের রাজনৈতিক মহলে ফের শুরু হয়েছে জোরদার আলোচনা। আদালতের বিচারাধীন বিষয়গুলির পরবর্তী শুনানি এবং রাজনৈতিক দলগুলির পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর।

Leave a Reply

Translate »